ভাঙা বাঁশের সাঁকোয় ৮ গ্রামের মানুষের ঝুঁকি নিয়ে চলাচল

ভাঙা বাঁশের সাঁকোয় ৮ গ্রামের মানুষের ঝুঁকি নিয়ে চলাচল

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে বারোমাসিয়া (বাণিদাহ) নদীর ওপর নির্মিত প্রায় ৩শ’ ফুট দীর্ঘ বাঁশের সাঁকোর অর্ধেকের বেশি অংশ ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন দুই পাড়ের অন্তত আট গ্রামের হাজারও মানুষ।

সাঁকোটি ভাঙা অবস্থায় তিন মাস ধরে পড়ে থাকলেও সংস্কারের উদ্যোগ নেয়নি কেউ। ফলে বাধ্য হয়ে কেউ বুক সমান পানি মাড়িয়ে, কেউ সাঁতরে আবার কেউ জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা সাঁকো দিয়ে নদী পারাপার হচ্ছেন। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্করা।

আজ শনিবার (৭ নভেম্বর) বিকেলে সরেজমিনে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী এলাকায় নবিউলের ঘাট নামে পরিচিত বারোমাসিয়া (বাণিদাহ) নদীতে ভাঙা সাঁকোটিদেখা যায়। প্রায় ৩শ’ ফুট লম্বা বাঁশের সাঁকোটির দক্ষিণ পাশের মাঝামাঝি প্রায় ১৫০ ফুট দূরত্বের অংশ ভেঙে গেছে। স্বাভাবিকভাবে চলাচলের কোনো সুযোগ নেই।

প্রায় চার দশক ধরে এ নদী পারাপারে ছোট ছোট ডিঙি ও মাঝারি নৌকা ব্যবহার করতেন দুই পাড়ের মানুষ। নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাছেন আলী জানান, ভেঙে যাওয়া সাঁকোটি দ্রুত পুন:নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। এটি নির্মাণ করা হলে দুই পাড়ের হাজারও মানুষের দুর্ভোগ দূর হবে। জনস্বার্থে দ্রুত সাঁকোটি পুননির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহিদ হাসান জানান, সাঁকোটি ভেঙে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে সেখানে একটি টেকসই বাঁশের সাঁকো নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190248