৭ নভেম্বরের চেতনাতেই বহুদলীয় গণতন্ত্রের সূর্যোদয় ঘটিয়েছিলেন জিয়াউর রহমান : মোজাম্মেল হক

৭ নভেম্বরের চেতনাতেই বহুদলীয় গণতন্ত্রের সূর্যোদয় ঘটিয়েছিলেন জিয়াউর রহমান : মোজাম্মেল হক

স্টাফ রিপোর্টার: করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের চেয়ারম্যান ও দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক বলেছেন, ১৯৭৫ সালের এই দিনে দেশের দেশপ্রেমিক সিপাহী ও জনতা কাঁধে কাঁধ মিলিয়ে এক অভূতপূর্ব বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বহুদলীয় গণতন্ত্রকে রক্ষা করেছিল। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বলিষ্ঠ ও দেশপ্রেমিক নেতৃত্বের ওপর ভর করেই এ দেশের মানুষ সেদিন এক নতুন দিগন্তের সূচনা করেছিল।

ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপন উপলক্ষে আজ শনিবার (৭ নভেম্বর) বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় মোজাম্মেল হক আরও বলেন, ১৯৭৫ সালে আমাদের জাতীয় জীবনে যে চরম অনিশ্চয়তা ও বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, ৭ নভেম্বরের সিপাহী-জনতার ঐক্যবদ্ধ সংহতিই দেশকে তা থেকে মুক্ত করেছিল।

এই দিনটি আমাদের শিক্ষা দেয়—যখনই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংকটের মুখে পড়বে, তখনই দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের যেকোনো দুর্যোগ মুহূর্তে বীর সৈনিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় এগিয়ে আসতে হবে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ অসিত কুমার সরকারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন— উপাধ্যক্ষ আনজুমান আরা বেগম, সহকারী অধ্যাপক আবু মুসা, সহকারী অধ্যাপক আব্দুল আজিজ, প্রভাষক আব্দুল আহাদ, প্রভাষক রাখি খাতুন এবং ৯ম শ্রেণির শিক্ষার্থী মো. সাদিক বিন সিদ্দিকী।

আলোচনায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের সার্বভৌমত্ব রক্ষার উদ্দেশ্যে সেনাবাহিনীর পাশাপাশি সাধারণ মানুষও ঐতিহাসিক অংশগ্রহণ করেছিল। পরবর্তীতে মেজর জেনারেল জিয়াউর রহমান দেশের শাসনভার গ্রহণ করে শাসনব্যবস্থায় আমূল পরিবর্তন আনেন। তাই দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই সভায় দিনটির তাৎপর্য তুলে ধরা হয়। পরিশেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। এর আগে জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190242