রাজশাহীতে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজশাহীতে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলায় ধানক্ষেত থেকে বাবু শেখ (২৫) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা সদরে, বাবার নাম ইসলাম শেখ। ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে। তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কচুয়া গ্রামের বটতলা নামক স্থানে একটি গভীর নলকূপের পাশে বাবুর মরদেহ পড়ে ছিল।

আজ শনিবার (৭ নভেম্বর) সকালে স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশে খবর দেন। এরপর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। বাবু শেখের খালাতো শ্যালক মো. মাসুদ জানান, বাবু নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন। চারদিন আগে বাবু তার স্ত্রীকে কাজে যাওয়ার কথা জানিয়ে বাড়ি থেকে বের হন।

এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বাবু যাদের সঙ্গে কাজে যান, তাদের মোবাইল ফোনও বন্ধ ছিল। একদিন পর তাদের একজন ফোন করে জানান, তানোরে বিদ্যুতায়িত হয়ে বাবুর মৃত্যু হয়েছে। মরদেহ মাঠের মধ্যেই পড়ে আছে।

এ খবর শুনে গত বৃহস্পতিবার তারা তানোরে গিয়েছিলেন। বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও বাবুর মরদেহের কোনো সন্ধান পাননি। পরে তারা পুলিশকে নিজেদের ফোন নম্বর দিয়ে আসেন। শনিবার সকালে পুলিশ ফোন করে বাবুর মরদেহ পাওয়ার কথা জানায়। পুলিশ তাদের ছবিও পাঠিয়েছে। ছবি দেখে তারা নিশ্চিত হয়েছেন, এটি বাবুরই মরদেহ।

তানোর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আলী জানান, মরদেহের সুরতহাল প্রস্তুতের সময় শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত করে বলা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানান তিনি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190233