শাহীন সামাদের ‘চন্দ্র মল্লিকা’ নিয়ে আবেগাপ্লুত তামান্না প্রমি
অভি মঈনুদ্দীন ঃ একুশে পদকপ্রাপ্ত জীবন্ত কিংবদন্তী সঙ্গীতশিল্পী শাহীন সামাদের ‘চন্দ্র মল্লিকা’ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী তামান্না প্রমি। চার/পাঁচদিন আগে শাহীন সামাদের বাসায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যেখানে অংশগ্রহন করা নিয়ে তামান্না প্রমি বলেন,‘ সেই দিনটি ছিল এক অন্যরকম ভালো লাগার, এক অন্যরকম অনুভূতির। অনেক অনেক অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু এই অনুষ্ঠানটির অনুভূতি ছিল একেবারেই আলাদা, ভীষণ বিশেষ। নজরুল সংগীতের উজ্জ্বল নক্ষত্র শ্রদ্ধেয় শাহীন সামাদ আপার বাসায়, আপার নিজস্ব উদ্যোগে আয়োজিত এক মনোরম সংগীত আসরে উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল। উপস্থিত ছিলেন বেশ কয়েকজন শ্রদ্ধেয় ও গুণী ব্যক্তিত্ব। তাঁদের সান্নিধ্যে গান গাইতে পারাটা আমার জন্য সত্যিই অনেক বড় প্রাপ্তি ও সৌভাগ্যের। গুণী ও শ্রদ্ধেয় ব্যক্তিত্বের সামনে গান গাইতে পারাটা আমার জন্য সত্যিই অনেক বড় সৌভাগ্যের। মনের মধ্যে কিছুটা ভয়ও কাজ করছিল, কিন্তু এত গুণী মানুষের সামনে গান গাওয়ার লোভটা আর সামলাতে পারিনি সামনে ছিলেন অসাধারণ এক শ্রোতামণ্ডলী। এমন সুন্দর পরিবেশে, এমন চমৎকার সব মানুষের সঙ্গে গান, সুর আর সংগীতের মায়ায় কিছুটা সময় কাটানো ছিল এক অনন্য ভালো লাগার অভিজ্ঞতা। সত্যিই, কিছু কিছু মুহূর্ত মনের গভীরে বিশেষভাবে জায়গা করে নেয়। সেদিনের সন্ধ্যাটা আমার কাছে ঠিক তেমনই একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। বিশেষ কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাই নজরুলসংগীতের সুরের ভুবনে এক অনন্য ব্যক্তিত্ব, সুজিত মোস্তফা স্যারকে, আমাকে এত সুন্দর একটি আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য। এমন একটি সুন্দর পরিবেশে গান গাইতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ কিছু প্রাপ্তি শুধু আনন্দ দেয় না, মনকেও ভীষণভাবে সমৃদ্ধ করে। দিনটি ছিল তেমনই এক সুন্দর প্রাপ্তি।’
এদিকে গতকাল প্রমি ঢাকার বোট ক্লাবে সঙ্গীত পরিবেশন করেন। প্রমি জানান, চলতি বছরেই তার নতুন মৌলিক গান প্রকাশিত হতে যাচ্ছে। আপাতত মৌলিক গানের কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন তিনি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190225