বরিশালে জমি নিয়ে বিরোধে সৎমামাকে কুপিয়ে হত্যা, অভিযুক্তদের বাড়িতে আগুন

বরিশালে জমি নিয়ে বিরোধে সৎমামাকে কুপিয়ে হত্যা, অভিযুক্তদের বাড়িতে আগুন

বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধের জেরে ভাগনেসহ স্বজনদের বিরুদ্ধে সৎ মামাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পর বিক্ষুব্ধ লোকজন অভিযুক্তদের বসতঘরে আগুন ধরিয়ে দেন।

আজ শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব পুরানপাড়া বটতলা এলাকার হাওলাদার বাড়িতে এ হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

নিহত কামরুল ইসলাম (৫২) ওই এলাকার বাসিন্দা। পুলিশ তার মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে কামরুল ইসলামের সৎ মামাতো ভাই সুরুজের সঙ্গে বিরোধ চলছিল। শনিবার সকালে বিরোধপূর্ণ ওই জমিতে কামরুল ইসলাম দেয়াল নির্মাণ করতে গেলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সুরুজ, তার বাবা আনোয়ার হোসেন ও মিরাজ মিলে কামরুলকে মাটিতে ফেলে মারধর করেন। পরে কাঠ কাটার বাটাল দিয়ে তার পিঠে এলোপাথাড়ি কোপানো হয়।

এতে গুরুতর আহত হন কামরুল ইসলাম। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মো. জামাল হোসেন বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে মামা-ভাগনের মধ্যে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আনোয়ার হোসেন, তার স্ত্রী খাদিজা এবং ছেলে মিরাজকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190175