২ গ্রাম পুলিশের মৃত্যু, আর্থিক সহায়তা ও চাকরির ঘোষণা প্রতিমন্ত্রীর

২ গ্রাম পুলিশের মৃত্যু, আর্থিক সহায়তা ও চাকরির ঘোষণা প্রতিমন্ত্রীর

‘গ্রাম পুলিশ মহাসমাবেশ ২০২৬’- এ অংশগ্রহণের উদ্দেশ্যে ঢাকায় আসার পথে তীব্র গরমে অসুস্থ হয়ে ২ জন গ্রাম পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন। একই কারণে অসুস্থ হয়ে পড়া আরও কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ শনিবার (৭ নভেম্বর) মহাসমাবেশে যোগ দিতে আসার সময় এ ঘটনা ঘটে।

মৃত্যুবরণকারী গ্রাম পুলিশ সদস্যরা হলেন, রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মো. জমসেদ আলী (৪৭) এবং ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার চুরাইন ইউনিয়নের মো. কাইমুদ্দিন (৫৮)।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সমাবেশস্থলে আসার পথে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

গরমে অসুস্থ হয়ে পড়া আরও কয়েকজন গ্রাম পুলিশ সদস্য বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

সমাবেশ শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান।

সেখানে তিনি চিকিৎসাধীন গ্রাম পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের সর্বাত্মক ও সর্বোত্তম চিকিৎসাসেবা সুনিশ্চিত করার নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী জানান, অসুস্থ ও আহত সদস্যদের চিকিৎসার সমুদয় ব্যয়ভার সরকার বহন করবে।

একই সাথে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। সরকারের পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে নগদ ৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি।

এছাড়া নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে তাদের পরিবার থেকে একজন যোগ্য সদস্যকে গ্রাম পুলিশের চাকরিতে নিয়োগ দেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। সরকারি খরচে নিহতদের মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছানো এবং সম্মানজনক দাফন-কাফনের সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190173