পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে র্যালিতে তারেক রহমান
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে আয়োজিত সার্বভৌমত্ব র্যালিতে নেতাকর্মীদের সঙ্গে হেঁটে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়। এর আগে বিকেল পৌনে ৩টা থেকে ৩টা ১০ মিনিট পর্যন্ত সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই ছিল মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে বাকশাল চাপিয়ে দেওয়া হয়েছিল। ৫ আগস্ট ছাত্র-জনতা আবারও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে এনেছে এবং স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছে।
তিনি বলেন, পরাজিত শক্তি এখন আবার ষড়যন্ত্র শুরু করেছে। যারা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও দেশের সার্বভৌমত্ব মেনে নিতে পারেনি, তাদের ষড়যন্ত্র থেমে থাকেনি। এ দেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে আবারও ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে এক হতে হবে। আজকের র্যালি হোক দেশের সার্বভৌমত্ব রক্ষার র্যালি।
নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিকেল ৩টা ১৫ মিনিটে নাইটিঙ্গেল মোড় থেকে বিজয় সরণি বিমান মোড়ের অভিমুখে র্যালিটি যাত্রা শুরু করে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190166