টস্ট ক্রিকেটকে বিদায় বললেন সামি

টস্ট ক্রিকেটকে বিদায় বললেন সামি

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ১৩ বছরের পথচলা। ভারতের পেস আক্রমণের অন্যতম নির্ভরযোগ্য অস্ত্র হয়ে উঠেছিলেন মোহাম্মদ সামি। এবার সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানালেন এই পেসার। টেস্ট অভিষেকের ১৩ বছর পূর্তির দিনই দীর্ঘ সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে এক আবেগঘন ভিডিও বার্তায় অবসরের কথা জানান ৩৬ বছর বয়সী পেসার। নতুন কিংবা পুরোনো বলে সুইং ও সিম মুভমেন্ট আদায় করে নেওয়ার অসাধারণ দক্ষতা ছিল তার। টেস্ট ক্যারিয়ারে ৬৪ ম্যাচে ২২৯ উইকেট নিয়েছেন তিনি। পাঁচ উইকেট পেয়েছেন ছয়বার। ভারতের টেস্ট ইতিহাসে সফলতম পেসারদের তালিকায় তার অবস্থান ষষ্ঠ।

টেস্ট অভিষেকের দিনটির কথা স্মরণ করে সামি বলেন, ‘১৩ বছরের এই যাত্রায় এই ক্যাপ, এই বলই আমাকে মোহাম্মদ সামি বানিয়েছে। এই পথচলায় অনেক উত্থান-পতন ছিল। পড়ে গেছি, আঘাত পেয়েছি, চোটে পড়েছি। কিন্তু এই ব্যাজের জন্য আবার উঠে দাঁড়িয়েছি। ১৩ বছরের এই যাত্রা খুব ভালো ছিল। আমার কোচ, ট্রেনার, ফিজিও এবং যারা সামান্য হলেও অবদান রেখেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। সামির ভাষায়, ‘বিশেষ করে সমর্থকদের কথা বলতে চাই। ক্রিকেটপ্রেমীরা যে নামটি তৈরি করেছেন, যে অনুপ্রেরণা তারা দিয়েছেন, তা সব সময় মনে থাকবে। আপনাদের সবাইকে, বিশেষ করে ক্রিকেটকে এত ভালোবেসে আমার নামকে এই পর্যায়ে পৌঁছে দেওয়া ভক্তদের প্রতি সবচেয়ে বড় কৃতজ্ঞতা। ৬ নভেম্বর আমি এই টেস্ট ক্যাপ পেয়েছিলাম, আজও ৬ নভেম্বর। তাই আজই ১৩ বছরের এই যাত্রার ইতি টানতে চাই। এই দিনেই আমার অভিষেক হয়েছিল, আর আজই অবসর নিচ্ছি।’

তবে ক্রিকেট থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না তিনি। সীমিত ওভারের ক্রিকেট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বলেছেন, ‘আমি টেস্ট ক্রিকেট ছাড়ছি। তবে সাদা বলের ক্রিকেট খেলব। আইপিএল হোক কিংবা ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাব। ফিটনেসের প্রয়োজনে চার দিনের ক্রিকেটও খেলতে পারি। তবে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের সঙ্গে এখানেই সম্পর্ক শেষ করছি। এটাই ছিল আমার এত দিনের পথচলা। যেদিন শুরু করেছিলাম, সেদিনই শেষ করছি।’

২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় সামির। অল্প সময়ের মধ্যেই ভারতের পেস আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি। দেশের বাইরের কঠিন কন্ডিশনেও তার বোলিং ছিল কার্যকর। ৪১টি অ্যাওয়ে টেস্টে ৩০.৩৩ গড়ে নিয়েছেন ১৪৫ উইকেট। দেশের মাটিতে ২২.১ গড়ে তার শিকার ৭৬ উইকেট।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190149