পাঁচ নতুন মুখ নিয়ে স্পেনের দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক : উয়েফা নেশনস লিগের শেষ দুই গ্রুপ ম্যাচ সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে স্পেন। শুক্রবার (৬ নভেম্বর) ঘোষিত দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন পাঁচ ফুটবলার। তবে চোটের কারণে অধিনায়ক রদ্রিসহ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই দল গঠন করতে হয়েছে কোচ লুইস দে লা ফুয়েন্তেকে।
দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন আলভারো ভালেস, হাকোবো রামোন, মার্ক রোকা, পাবলো বারিওস ও আন্দের বারেনেচেয়া। তাঁদের মধ্যে বারিওস ও বারেনেচেয়া আগে ক্লাব পর্যায়ে দে লা ফুয়েন্তের অধীনে খেলেছেন। এ ছাড়া দলে ফিরেছেন গোলরক্ষক হুয়ান গার্সিয়া ও ডিফেন্ডার পেদ্রো পোরো। চোটের কারণে সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে তাঁরা দলে ছিলেন না।
চোটের কারণে এবারের দলে নেই স্পেনের অধিনায়ক রদ্রি ও মিডফিল্ডার দানি ওলমো। ইংল্যান্ডের বিপক্ষে ওয়েম্বলিতে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পাওয়া এরিক গার্সিয়াও বাদ পড়েছেন।
নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেও গ্রুপের শীর্ষস্থান ধরে রাখতে শেষ দুই ম্যাচে জয়ের লক্ষ্য স্পেনের। আগামী ১২ নভেম্বর প্রাগে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে দলটি। এরপর ১৫ নভেম্বর মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা।
এদিকে দল ঘোষণার ভিডিওতে আবেগঘন বার্তা দিয়েছেন কোচ দে লা ফুয়েন্তে। সম্প্রতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পাশাপাশি চলতি সপ্তাহে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষের পর মারা যাওয়া টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেলকেও স্মরণ করেন তিনি।
দে লা ফুয়েন্তে বলেন, ‘এমন ঘটনা কখনোই হওয়া উচিত ছিল না। স্পেনের এমন কষ্ট পাওয়ার কথা নয়। মাঠে যে কাজটি আমরা সবচেয়ে ভালো জানি, সেটির মাধ্যমেই নিহত ব্যক্তিদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানাব।’
নভেম্বর উইন্ডোতে স্পেনের দল:
-
গোলরক্ষক: উনাই সিমন, ডেভিড রায়া, হুয়ান গার্সিয়া, আলভারো ভালেস।
-
রক্ষণভাগ: আয়মেরিক লাপোর্তে, পাউ কুবারসি, মার্ক পুবিল, ডিন হুইজসেন, পেদ্রো পোরো, হাকোবো রামোন, মার্ক কুকুরেয়া, আলেহান্দ্রো গ্রিমালদো।
-
মিডফিল্ড: ফাবিয়ান রুইজ, পেদ্রি, মিকেল মেরিনো, মার্টিন জুবিমেন্দি, অ্যালেক্স বায়েনা, ফারমিন লোপেজ, পাবলো বারিওস, মার্ক রোকা।
-
আক্রমণভাগ: মিকেল ওইয়ারজাবাল, ফেররান তোরেস, রবার্তো ফার্নান্দেজ, লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, আন্দের বারেনেচেয়া।