পাখি শিকারে বাধা দেয়ায় মাছচাষিকে গুলি
সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় চলনবিলে পাখি শিকারে বাধা দেওয়ায় শহিদুল ইসলাম (৪০) নামে এক মাছচাষিকে গুলি করার ঘটনা ঘটেছে। স্থানীয় যুবক সজিব ইসলামের বিরুদ্ধে গুলি করার অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত সজিব ইসলাম একই গ্রামের শাহীন মেকারের ছেলে।
আজ শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াশ চক আদিত্য খোয়ার পাড়া এলাকার একটি পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় শহিদুল ইসলামকে প্রথমে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়।
পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠান। বর্তমানে তিনি রামেকে চিকিৎসাধীন রয়েছেন। শহিদুল ওই গ্রামের মৃত জসমত আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (৬ নভেম্বর) সকালে সজিব ইসলাম তার বাবার এয়ারগান নিয়ে প্রতিবেশী শহিদুল ইসলামের পুকুরে পাখি শিকার করতে যান।
এসময় পাখি শিকারে বাধা দিলে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সজিব তার হাতে থাকা এয়ারগান দিয়ে শহিদুলের পাঁজরে গুলি করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190105