কুড়িগ্রামের ফুলবাড়ীতে এ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে এ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শাহীন আলম (১৪) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় রংপুরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত শাহীন আলম ফুলবাড়ী সদর ইউনিয়নের কুঠিরচন্দ্রখানা নাখারজান গ্রামের কাশেম আলীর ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

সহপাঠীদের সূত্রে জানা যায়, ঘটনার দিন কয়েকজন বন্ধুর সাথে সাইকেলে করে গঙ্গারহাট বাজার থেকে বাড়ি ফিরছিল শাহীন। পথে গঙ্গারহাট মোহরটারী হাফিজিয়া মাদ্রাসার কাছে পৌঁছালে একটি এ্যাম্বুলেন্স অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে তার সাইকেলে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে সে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর এ্যাম্বুলেন্সটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে বন্ধুরা আহত শাহীনকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়। পরে রংপুরের বেসরকারি ডক্টরস ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190085