বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা আসামি ছিনতাই, গাড়ি ভাঙ্চুর দুই কর্মকর্তা আহত

বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা আসামি ছিনতাই, গাড়ি ভাঙ্চুর দুই কর্মকর্তা আহত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা করে প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সুমনকে ছিনিয়ে নেয়া হয়েছে। এসময় হামলাকারীরা পুলিশের গাড়িও ভাঙচুর করেছে। এই হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ নারীকে আটক করা হয়েছে। আজ শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের ফুলবাড়ীয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

এলাকাবাসি ও থানা সূত্রে জানা গেছে, গ্রামের মৃত আব্দুস সালাম মাষ্টারের ছেলে গোলাম কবীর সুমন (৩৬) এর বিরুদ্ধে প্রতারণা মামলা রয়েছে। সেই মামলায় আদালত ওয়ারেন্ট জারি করেন। সেই ওয়ারেন্টের আসামি সুমনকে গ্রেফতার করতে গতকাল সোনাতলা থানার এসআই শিমুল কুমার দাস ও এএসআই মেহেদী হাসানের নেতৃত্বে একদল পুলিশ পিকআপভ্যান নিয়ে ফুলবাড়ী গ্রামে যায়।

এরপর ওই গ্রামের দেলোয়ার হোসেনের বাড়ির সামনে থেকে আসামি গোলাম কবীর সুমনকে পুলিশ সদস্যরা গ্রেফতার করে। কিন্তু আসামিকে পুলিশের পিকআপ ভ্যানে তোলার সময় আত্মীয়স্বজন ও স্থানীয় একদল লোক পুলিশের সাথে প্রথমে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তাদের সাথে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। এরপর হামলাকারীরা পুলিশের পিকআপভ্যানকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।

পুলিশ অবস্থা বেগতিক দেখে গাড়িটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সরে যাওয়ার চেষ্টা করে। এসময় লোকজন গাড়িটির সামনে বেরিকেট দেয় এবং হামলা চালিয়ে গাড়িটি ভাঙচুর করে আসামি সুমনকে ছিনিয়ে নিয়ে যায়। আসামি ছিনিয়ে নেয়ার আগে হামলাকারীরা ওই দুই পুলিশ কর্মকর্তাকে মারধোরও করে। এছাড়া হামলাকারীদের ছোঁড়া ইটপাটকেলের আঘাতেও পুলিশ কর্মকর্তারা আহত হন।

খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেই সাথে আহত পুলিশ কর্মকর্তাদের উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনার পর পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ৪ নারীকে আটক করা হয়েছে। তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে। তবে পলাতক আসামি সুমনকে গতরাত ৭টা পর্যন্ত ফের গ্রেফতার করা যায়নি। তাকে ফের গ্রেফতারে অভিযান চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190081