এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াত ছাড়তে হবে : রাশেদ খান

এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াত ছাড়তে হবে : রাশেদ খান

এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াত ছাড়তে হবে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, জামায়াত ও এনসিপির আদর্শ তেল ও জলের মতো।যা কখনো একটার সঙ্গে আরেকটা মিশে না। তারা একসঙ্গে রাজনীতিও করতে পারে না। এটা তাদের রাজনৈতিক আদর্শের সঙ্গে মেলে না।

 

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পাগলাকানাই মোড়ে স্থানীয়দের সঙ্গে কুশলবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খান এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, নির্বাচনের আগে এনসিপি নতুন দল হিসেবে সংসদীয় রাজনীতি করার জন্য জামায়াতের সঙ্গে জোটে গিয়েছিল। সেই সময় ডা. তাসনিম জারার মতো তরুণ নেতৃত্বরা এনসিপি থেকে বের হয়ে যায়। জামায়াতের সঙ্গে এনসিপির জোট তরুণ নেতৃত্বরা মেনে নিতে পারেনি। এখন আবার সামান্তা শারমিন এনসিপি থেকে বের হয়ে গেলেন।

এনসিপি যদি জামায়াত জোট থেকে বের হয়ে না আসে, তাহলে সামান্তা শারমিনদের মতো যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তারা বেরিয়ে যাবেন।

 

এ সময় তিনি নাহিদ ইসলামকে জামায়াত থেকে বের হয়ে রাজনীতি করার আহ্বান জানান।

তিনি বলেন, জামায়াত মুখে ইসলামের কথা বলে। কিন্তু জামায়াতের নেতারা একের পর এক নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছে। সাতক্ষীরার গাজী নজরুলের ঘটনা এখনো আলোচিত।এরই মধ্যে গতকাল থেকে কুষ্টিয়ার এমপি জামায়াত নেতা মুফতি আমির হামজার অডিও রেকর্ড আমার কাছে এসেছে। আমি সেটির ফ্যাক্ট চেক করে সত্যতাও পেয়েছি। 

 

জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, জামায়াতের হাতে দেশের নারীরা নিরাপদ নয়। দেখুন, এসব ঘটনা বারবার সামনে এলেও জামায়াত তাদের এসব এমপিদের ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এভাবে আদর্শের বাইরে গিয়ে চলতে থাকলে জামায়াত ধ্বংস হয়ে যাবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190071