বাবুনগর মাদ্রাসায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আদায় করবেন জুমার নামাজ

বাবুনগর মাদ্রাসায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আদায় করবেন জুমার নামাজ

চট্টগ্রামের ফটিকছড়ির দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসার ১০৪তম দুই দিনব্যাপী বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে যোগ দিতে শুক্রবার (৬ নভেম্বর) মাদরাসায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউস থেকে সড়কপথে ফটিকছড়ির বাবুনগর মাদরাসার উদ্দেশে রওনা দেবেন তিনি। দুপুর সাড়ে ১২টার দিকে তার মাদরাসায় পৌঁছানোর কথা রয়েছে। সেখানে জুমার নামাজ আদায় ও দ্বীনি মহাসম্মেলনে অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে বিকেল ৩টার দিকে চট্টগ্রামের উদ্দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে তার।

সম্মেলনের দুই দিনই উপস্থিত থাকবেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর।

বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও বাবুনগর মাদরাসার প্রধান পরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর নাতি মাওলানা রহমত উল্লাহ বাবুনগরী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাদে ফজর থেকে মাদরাসা প্রাঙ্গণে শুরু হয়েছে দুই দিনব্যাপী এ মহাসম্মেলন। এতে সভাপতিত্ব করছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও জামিয়া বাবুনগরের প্রধান পরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশবরেণ্য ওলামা-মাশায়েখ, ইসলামী চিন্তাবিদ ও ধর্মীয় ব্যক্তিত্বরা অংশ নিয়েছেন।

সম্মেলনকে ঘিরে মাদরাসা প্রাঙ্গণে ধর্মপ্রাণ মুসল্লি ও অনুসারীদের সমাগম ঘটছে।

সম্মেলনে দেশের বিশিষ্ট আলেমদের মধ্যে বয়ান করবেন মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, মাওলানা মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মুফতি মাহমুদুল হাসান ভূজপুরী, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মুফতি রেজাউল করিম আবরার, মাওলানা গাজী ইয়াকুব ওসমানী ও মাওলানা আব্দুল্লাহ আল মারুফসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম।

আয়োজক সূত্রে জানা যায়, সমাজের সর্বস্তরে ধর্মীয় চেতনা ও চিন্তাধারার বিকাশ এবং ইসলামী আকিদা-বিশ্বাস ও তাহজিব-তামাদ্দুনের প্রতি মুসলিম উম্মাহর আগ্রহ বাড়ানোর লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও এ বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190041