সড়ক সংস্কারের দাবিতে মন্ত্রীর গাড়িবহর আটকে গ্রামবাসীর বিক্ষোভ
সড়কের কাজ দ্রুত শেষ করার দাবিতে দিনাজপুরের বিরামপুর উপজেলা চত্বরে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের গাড়িবহরের পথ আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে বিরামপুর পৌরসভার চরকাই এলাকার গ্রামবাসী এ দাবিতে মন্ত্রীর কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি গুরুত্বসহকারে দেখার আশ্বাস দেন মন্ত্রী।
তবে সন্ধ্যায় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করে উপজেলা চত্বর থেকে ফেরার সময় আবারও বিক্ষোভের মুখে পড়েন তিনি।
এ সময় উপজেলা গেটের সামনে মানববন্ধনে অংশ নেওয়া গ্রামবাসী সড়ক অবরোধ করে মন্ত্রীর গাড়িবহরের পথ আটকে দেন। এতে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মন্ত্রীর গাড়িবহর গন্তব্যের উদ্দেশে রওনা হয়।
চরকাই এলাকার সড়ক দ্রুত সংস্কার ও নির্মাণকাজ শেষ করার দাবিতে গ্রামবাসীর এই বিক্ষোভ স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190029