নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

সরকারি কর্মচারীদের বেতন গ্রেড ও বিভিন্ন ভাতা পর্যালোচনার দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী। এ বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ দিতে অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই দিন প্রকাশিত গেজেটে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

কমিটির আহ্বায়ক করা হয়েছে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে। সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)। এবং জনপ্রশাসন খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের বেতনস্কেলের বিভিন্ন অসংগতি নিয়ে পাওয়া অভিযোগ পর্যালোচনা করে সেগুলো নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় সুপারিশ করবে কমিটি। পাশাপাশি ভবিষ্যতে বেতন গ্রেড উন্নীতকরণ, অবনমন ও সামঞ্জস্য বিধানের বিষয়েও সুপারিশ দেওয়া হবে।

এ ছাড়া ঝুঁকিভাতা ও অন্যান্য ভাতা নতুন করে চালু, বিদ্যমান ভাতার হার হ্রাস বা বৃদ্ধি এবং এ-সংক্রান্ত অন্যান্য বিষয় পর্যালোচনা করে সুপারিশ দেওয়ার দায়িত্বও পেয়েছে কমিটি।

কমিটিকে প্রয়োজনীয় সহায়তা দেবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বা সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা। প্রয়োজনে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে। এ ছাড়া কমিটিকে সাচিবিক সহায়তা দেবে অর্থ বিভাগ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190010