কুমিল্লার দাউদকান্দিতে মোটরসাইকেল থেকে ছিটকে প্রাইভেট কারের ধাক্কায় যুবকের মৃত্যু
কুমিল্লার দউদকান্দিতে মোটরসাইকেল থেকে ছিটকে প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা লেগে শাহাদাত হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলার গৌরীপুর-বাবুরহাট সড়কের মাদলা এলাকার বেপারীবাড়ি মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদাত উপজেলার দৌলতপুর গ্রামের বেপারীবাড়ির ইকবাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহাদাত মোটরসাইকেল নিয়ে গৌরীপুরের দিকে যাচ্ছিলেন। মাদলা এলাকায় একটি বাঁক অতিক্রম করার সময় দ্রুতগতির কারণে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন। এ সময় একটি সাদা রঙের প্রাইভেট কারের সঙ্গে তাঁর ধাক্কা লাগে। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান তিনি।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বলেন, বৃহস্পতিবার ট্রিপল নাইনে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। প্রাইভেট কারটি শনাক্ত ও এর সন্ধান পেতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
স্থানীয় কয়েকজনের দাবি, মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। তাঁদের মতে, এ ঘটনায় প্রাইভেট কারচালকের কোনো দোষ ছিল না।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189990