গোলবন্যায় চ্যাম্পিয়ন্স লিগে নতুন ইতিহাস কোমো’র 

গোলবন্যায় চ্যাম্পিয়ন্স লিগে নতুন ইতিহাস কোমো’র 

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের অভিষেক মৌসুমেই একের পর এক চমক দেখাচ্ছে কোমো। এবার ফরাসি ক্লাব লঁসের মাঠে গিয়ে রীতিমতো গোলবন্যা বইয়ে দিল ইতালিয়ান দলটি। স্বাগতিকদের ৯-১ গোলে উড়িয়ে দিয়ে প্রতিযোগিতার ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে সেস ফাব্রেগাসের দল। চ্যাম্পিয়ন্স লিগের আধুনিক যুগে প্রতিপক্ষের মাঠে কোনো দলের এক ম্যাচে ৯ গোল করার ঘটনা এটিই প্রথম।

বুধবারের এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচের মধ্যে তৃতীয় জয় তুলে নিয়েছে কোমো। ৯ পয়েন্ট নিয়ে লিগ পর্বের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে তারা। ম্যাচে শুরু থেকেই দাপট দেখানো দলটি প্রথমার্ধ শেষ করে ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে। বিরতির পর আরও ছয় গোল করে লঁসকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয় তারা।

এর আগে চ্যাম্পিয়ন্স লিগের আধুনিক যুগে প্রতিপক্ষের মাঠে সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল বায়ার্ন মিউনিখের। ২০২০ সালে নিরপেক্ষ ভেন্যু লিসবনে বার্সেলোনাকে ৮-২ গোলে হারিয়েছিল জার্মান ক্লাবটি। এবার সেই রেকর্ড ছাড়িয়ে গেল কোমো। তবে জয়ের ব্যবধানের দিক থেকে এটি প্রতিযোগিতার ইতিহাসে যৌথভাবে সবচেয়ে বড় জয়। এর আগে লিভারপুল ২০০৭ সালে বেসিকতাসকে এবং রিয়াল মাদ্রিদ ২০১৫ সালে মালমোকে ৮-০ গোলে হারিয়েছিল।

লঁসের বিপক্ষে কোমোর জয়ের নায়ক গ্রিক ফরোয়ার্ড তাসোস দুভিকাস। একাই করেছেন হ্যাটট্রিক। চ্যাম্পিয়ন্স লিগে কোমোর চারটি ম্যাচেই গোল পেয়েছেন তিনি। ছয় গোল নিয়ে চলতি আসরের সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও শীর্ষে রয়েছেন এই ফরোয়ার্ড। গোল পেয়েছেন আর্জেন্টাইন তরুণ নিকো পাজও। তবে গোলের পর সতীর্থদের সঙ্গে উদ্যাপনে মাতেননি তিনি। বরং প্রয়াত স্প্যানিশ ফুটবলার হেসুস দে মিগেলের ছবি সংবলিত একটি টি-শার্ট হাতে তুলে ধরেন। 

সম্প্রতি প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তেনেরিফের এই ফরোয়ার্ড। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত তেনেরিফের যুব দলে খেলেছিলেন পাজ। এ ছাড়া কোমোর হয়ে একটি করে গোল করেছেন লুকাস দা কুনহা, মার্ক-অলিভার কেম্পফ, মাত্তিয়া লিবেরালি, মার্টিন বাতুরিনা ও মাত্তেও পাপাচ্চিওলি।

বিশেষভাবে নজর কেড়েছেন ১৮ বছর বয়সী পাপাচ্চিওলি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমে গোল করেন কোমোর যুব দলের এই ফুটবলার। এখনো ইতালির শীর্ষ লিগ সিরি আ-তে খেলার অভিজ্ঞতা হয়নি তার। অথচ চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় মঞ্চে গোল করে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তিনি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189966