বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন ২০২৬: জাতীয় বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তি বিষয়ক আয়োজন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন ২০২৬: জাতীয় বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তি বিষয়ক আয়োজন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের আয়োজনে আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ভিইউ সাইফিউশন ২০২৬ (VU SciFusion 2026): জাতীয় বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তি বিষয়ক আয়োজন। দিনব্যাপী এই আয়োজনে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সকাল ৯টা ৫০ মিনিটে ভিইউ সাইফিউশন ২০২৬ -এর উদ্বোধন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। এসময় আরো উপস্থিত ছিলেন প্রকৌশল স্কুলের ডীন প্রফেসর ড. শামীম আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি স্কুলের ডীন প্রফেসর ড. মো. বায়তুল মোকাদ্দেছুর রহমান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের কনভেনর এবং ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোসা: হাজেরা খাতুন, সিএসই বিভাগের সহকারি অধ্যাপক মো: মিজানুর রহমান এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের উপদেষ্টা সদস্য এবং এনএফই বিভাগের প্রভাষক উম্মে সালমা নাহিদা।

উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় আইকিউ বেজড কুইজ কম্পিটিশন, যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের বুদ্ধিমত্তা, যুক্তিবোধ ও বিশ্লেষণী দক্ষতার পরিচয় দেন।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের প্লাজা চত্বরে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয় পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা। এতে শিক্ষার্থীরা বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা, ধারণা ও উদ্ভাবনী চিন্তাভাবনা পোস্টারের মাধ্যমে উপস্থাপন করেন।

একই সময়ে, সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আমেরিকান কর্নারে অনুষ্ঠিত হয় প্রোজেক্ট শোকেসিং এবং সায়েন্টিফিক ফটোগ্রাফি কনটেস্ট। প্রোজেক্ট শোকেসিং পর্বে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিনির্ভর ধারণা প্রদর্শন করেন। অন্যদিকে, সায়েন্টিফিক ফটোগ্রাফি কনটেস্ট-এ অংশগ্রহণকারীরা স্থিরচিত্রের মাধ্যমে বিজ্ঞান, প্রকৃতি ও চারপাশের নানা বিষয়কে সৃজনশীলভাবে তুলে ধরেন।

দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত মধ্যাহ্নভোজের বিরতি নির্ধারিত ছিল। এর আগে প্রতিটি প্রতিযোগিতার নির্ধারিত কার্যক্রম সম্পন্ন হয়।

ভিইউ সাইফিউশন ২০২৬ -এর মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, গবেষণার আগ্রহ, সৃজনশীল চিন্তাভাবনা এবং প্রযুক্তিগত উদ্ভাবনের চর্চাকে উৎসাহিত করা। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নিজেদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনা উপস্থাপনের সুযোগ করে দেওয়ার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189959