এআই’র কাণ্ডে চমকে গেলেন মেসি!

এআই’র কাণ্ডে চমকে গেলেন মেসি!

স্পোর্টস ডেস্ক : মাঠের জাদুকর মেসিকে চমকে দিলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। নিজের ঘর নতুন করে সাজানোর ভাবনা থেকে চ্যাটজিপিটির সাহায্য নিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। এরপর এআইয়ের দেওয়া ফল দেখে হাসি থামাতে পারেননি আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

বুধবার (৪ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন মেসি। সেখানে দেখা যায়, নিজের ঘর সাজানোর নতুন ধারণা পেতে চ্যাটজিপিটির দ্বারস্থ হয়েছেন তিনি। ঘরটিকে নিজের পছন্দ ও রুচির সঙ্গে মানানসই করে সাজাতে চাইলেও কোথা থেকে শুরু করবেন, তা বুঝতে পারছিলেন না। তাই কৃত্রিম বুদ্ধিমত্তার কাছেই চেয়েছেন পরামর্শ। ভিডিওটি শেয়ার করে মেসি লিখেছেন, ঘরটিকে নিজের মতো করে সাজাতে চেয়েছিলাম, কিন্তু কোথা থেকে শুরু করব বুঝতে পারছিলাম না। তাই কিছু ধারণা পেতে চ্যাটজিপিটির সাহায্য নিলাম। আপনিও চেষ্টা করে দেখতে পারেন! বলুন, ‘ঘরটিকে আমার পছন্দের শৈলীতে নতুন করে সাজিয়ে দাও। আমাকে চমকে দাও।’

মাত্র ১৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, নিজের মোবাইল ফোন দিয়ে ঘরের একটি দেয়ালের ছবি তুলছেন মেসি। এরপর সেই ছবি চ্যাটজিপিটিতে দিয়ে কণ্ঠ নির্দেশনার মাধ্যমে ঘরটি নতুন করে সাজানোর অনুরোধ জানান। এআইয়ের দেওয়া ফলাফল দেখার পর মেসির মুখে ফুটে ওঠে হাসি। অর্থাৎ প্রযুক্তির এই নতুন চমক উপভোগ করেছেন ২০২২ বিশ্বকাপ জয়ী এই অধিনায়কও।

মাঠের পারফরম্যান্সে যেমন বারবার ভক্তদের চমকে দিয়েছেন, এবার তেমনি মাঠের বাইরের এক অভিজ্ঞতায় আলোচনায় এলেন এই ফুটবল মহাতারকা। গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ক্ষুদে জাদুকর। তবে ক্লাব ফুটবলে এখনো নিয়মিত খেলছেন তিনি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189958