ব্রাজিলের ঘরোয়া ফুটবলে এক ম্যাচেই ৫৩ লাল কার্ডের নতুন রেকর্ড

ব্রাজিলের ঘরোয়া ফুটবলে এক ম্যাচেই ৫৩ লাল কার্ডের নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক : ফুটবল মাঠে চরম বিশৃঙ্খলা ও মারামারির জেরে এক ম্যাচেই রেকর্ড ৫৩টি লাল কার্ড দেখানোর নজিরবিহীন ঘটনা ঘটেছে ব্রাজিলে। দেশটির মিনাস জেরাইস অঙ্গরাজ্যের অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের প্রথম লেগে উবেরলান্দিয়া ও মামোরের মধ্যকার ম্যাচে এই ঘটনা ঘটে।

ম্যাচ রেফারির আনুষ্ঠানিক প্রতিবেদন অনুযায়ী, খেলার দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রথম দফায় উত্তেজনার সৃষ্টি হয়। উবেরলান্দিয়ার একজন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হলে দলটির কয়েকজন কর্মকর্তা মাঠে ঢুকে পড়েন, যার ফলে খেলা প্রায় ৪০ মিনিট বন্ধ থাকে। পরবর্তীতে পুনরায় খেলা শুরু হলে ইনজুরি সময়ের নবম মিনিটে (৫৪তম মিনিট) গোল করে মামোরেকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন দলটির ফরোয়ার্ড দাভি। ব্রাজিলীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, গোল উদ্যাপনের সময় দাভি উবেরলান্দিয়ার ফুটবলারদের উদ্দেশ্য করে উসকানিমূলক মন্তব্য করেন। মুহূর্তেই দুই দলের খেলোয়াড় ও স্টাফদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়ে। রেফারি ফার্নান্দো প্যাট্রিক দ্রসগিচ মোদেস্তো তার প্রতিবেদনে উল্লেখ করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এবং সার্বিক নিরাপত্তার অভাবে ম্যাচটি তাৎক্ষণিকভাবে সমাপ্ত ঘোষণা করতে বাধ্য হন তিনি। 

সংঘর্ষের জেরে দুই দলের মোট ৪৩ জন খেলোয়াড়, কোচিং স্টাফের ৮ জন সদস্য এবং উবেরলান্দিয়ার পরিচালনা পর্ষদের ২ কর্মকর্তাকে বহিষ্কার করা হয়। সব মিলিয়ে এক ম্যাচেই লাল কার্ডের সংখ্যা দাঁড়ায় ৫৩টিতে। রেফারিকে হুমকি এবং ড্রেসিংরুম ভাঙচুরের অভিযোগে পুলিশের কাছেও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে পর্যাপ্ত খেলোয়াড় না থাকায় সেমিফাইনালের দ্বিতীয় লেগটিতে মাঠে না নেমে মামোরেকে ওয়াকওভার দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে উবেরলান্দিয়া। ফলে প্রথম লেগের জয় ও ওয়াকওভারের সুবাদে সরাসরি টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে মামোরে।

উল্লেখ্য, এর আগে এক ফুটবল ম্যাচে সর্বোচ্চ ৩৬টি লাল কার্ড দেখানোর গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ছিল। ২০১১ সালের ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার পঞ্চম বিভাগের দল আতলেতিকো ক্লায়েপোলে ও ভিক্টোরিয়ানো আরেনাসের মধ্যকার ম্যাচে সেই ঘটনাটি ঘটেছিল। এবার সেই পুরোনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি হলো ব্রাজিলের ফুটবলে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189952