নাটোরের বাগাতিপাড়ায় টিনেরচাল কেটে সুপার শপে চুরি

নাটোরের বাগাতিপাড়ায় টিনেরচাল কেটে সুপার শপে চুরি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় বন্ধু সুপার শপের টিনেরচাল কেটে টাকা ও মালামাল চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার যোগীপাড়া মোড় বাজারে এ ঘটনা ঘটে। 

দোকানমালিকের দাবি, চোরেরা প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা এবং ৩ থেকে ৪ লাখ টাকার বিভিন্ন মালামাল নিয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে টিনেরচাল কাটা ও ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান মালিক মো. আবিদুল হক আসিফ। পরে হিসাব করে চুরির বিষয়টি নিশ্চিত হন তিনি। দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, দুর্বৃত্তরা কয়েক দফায় দোকানে প্রবেশ করে মালামাল ও টাকা বাইরে নিয়ে যাচ্ছে।
 
আবিদুল হক আসিফ বলেন, সকালে দোকানে এসে টিনেরচাল কাটা এবং মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পাই। পরে হিসাব করে টাকা ও মালামালসহ প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতির বিষয়টি জানতে পারি। 

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189940