আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তার আবেদন মঞ্জুর করেন।
এর আগে বুধবার (৪ নভেম্বর) মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও আদালতে হাজির হননি পরীমনি। অসুস্থতার কারণ দেখিয়ে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সময়ের আবেদন করেন। আবেদনে বলা হয়, অ্যালার্জিজনিত অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি অভিনেত্রী।
তবে বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল ওই আবেদনের বিরোধিতা করেন। তার অভিযোগ, পরীমনি ইচ্ছাকৃতভাবে আদালতে হাজির না হয়ে বারবার সময়ের আবেদন করছেন। পরে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক মাহফুজুর রহমান সময়ের আবেদন নাকচ করেন। একই সঙ্গে পরীমনির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয় ২৩ ডিসেম্বর।
গ্রেপ্তারি পরোয়ানা জারির পরদিনই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি। বুধবার তার আইনজীবী জানিয়েছিলেন, বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিন চাইবেন তার মক্কেল। জামিন পাওয়ার ব্যাপারেও আশাবাদী ছিলেন তিনি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189936