রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি করলো বাংলাদেশ ব্যাংক
বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের সরবরাহ স্বাভাবিক রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৪ নভেম্বর) নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে এসব ডলার বিক্রি করা হয়। এর আগে গত সপ্তাহে ১২ কোটি ২০ লাখ ডলার বিক্রি করেছিল কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বুধবারের নিলামে প্রতিটি ব্যাংককে একক বিডে সর্বনিম্ন পাঁচ লাখ ডলার কেনার আবেদন করতে বলা হয়। এর আগের দিন মঙ্গলবারও ১০ কোটি ডলার বিক্রির জন্য নিলাম আহ্বান করা হয়েছিল। কয়েকটি ব্যাংক অংশ নিলেও শেষ মুহূর্তে নিলামটি বাতিল করা হয়। তবে এ বিষয়ে ব্যাংকগুলোকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
জ্বালানিসহ বিভিন্ন পণ্য আমদানির ব্যয় বেড়ে যাওয়ায় বাজারে ডলারের চাহিদা বাড়ছে। এ পরিস্থিতিতে সরবরাহ স্বাভাবিক রাখতে রিজার্ভ থেকে ডলার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
২০২১ সালের আগস্টে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল। তবে দীর্ঘদিন রিজার্ভ থেকে ডলার বিক্রির কারণে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের আগে তা কমে ২৫ দশমিক ৯২ বিলিয়ন ডলারে নেমে আসে।
পরে গভর্নর হিসেবে দায়িত্ব নিয়ে ড. আহসান এইচ মনসুর রিজার্ভ থেকে ডলার বিক্রি না করার নীতি গ্রহণ করেন। বর্তমান গভর্নরও সেই নীতি অব্যাহত রাখেন। এতে রিজার্ভ বেড়ে গত ২৯ জুন ৩৭ বিলিয়ন ডলার ছাড়ায়। গত ১ সেপ্টেম্বর তা সর্বোচ্চ ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলারে পৌঁছায়। তবে এরপর থেকে কমে মঙ্গলবার রিজার্ভ দাঁড়ায় ৩৬ দশমিক ৪৩ বিলিয়ন ডলারে।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনে যুদ্ধ পরিস্থিতির উন্নতির আশা তৈরি হয়েছে। এর প্রভাবে বুধবার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও ডলারের দাম কমেছে। বাংলাদেশেও বৈদেশিক মুদ্রাবাজারের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, দীর্ঘদিন স্থিতিশীল থাকার পর সম্প্রতি আন্তঃব্যাংক বাজারে ডলারের দাম বাড়ছে। চলতি সপ্তাহের প্রথম দুই দিন প্রতি ডলার ১২৪ টাকা ৩৫ পয়সায় বিক্রি হয়েছে। এর আগের দুই দিন দর ছিল ১২৪ টাকা ৩০ পয়সা। গত অক্টোবরের শুরুতে ডলারের দাম ছিল ১২৩ টাকা, যা মাসের শেষ কর্মদিবসে বেড়ে ১২৩ টাকা ৯৯ পয়সায় দাঁড়ায়।
আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় দেড় বছর আন্তঃব্যাংক বাজারে ডলারের দর ১২১ থেকে ১২২ টাকা ৩০ পয়সার মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে চলতি বছরের মার্চ থেকে তা বাড়তে বাড়তে বর্তমানে ১২৪ টাকা ছাড়িয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189919