বগুড়ায় সাংবাদিক সম্মেলনে আবারও সাবেক কাউন্সিলর ও যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

বগুড়ায় সাংবাদিক সম্মেলনে আবারও সাবেক কাউন্সিলর ও যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

স্টাফ রিপোর্টার: বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোছাঃ রোকসানা খানম নামের এক বিধবা নারী সাবেক কাউন্সিলর দেলোওয়ার হোসেন পশারী হিরু এবং প্রভাবশালী সজলের বিরুদ্ধে পৈতৃক ও কেনা সম্পত্তি জবরদখল, চাঁদাবজি ও হয়রানির অভিযোগ করেছেন।

আজ বুধবার (৪ নভেম্বর) বগুড়া প্রেসক্লাবে তিনি লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন। এছাড়াও, গত ২৭অক্টোবর সাবেক কাউন্সিলর হিরুর করা সংবাদ সম্মেলনে তাকে ভূমি খাদক বলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে রোকসানা খানম জানান, মহানগরের গোহাইল রোডে মরহুম স্বামী ও দেবরের পৈতৃক সূত্রে পাওয়া এবং নিজের সন্তানের কেনা জমিতে বৈধভাবে ভবন নির্মাণের কাজ শুরু করেন। কিন্তু সজল নামের এক ব্যক্তি তার জমির দক্ষিণ পাশে থাকা দুই শতাংশ জায়গা জবরদখল ও বাড়ি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে নির্যাতন ও বাধা প্রদান করে আসছেন।

তিনি আরও অভিযোগ করেন, যুবদল নেতা সাদ্দাম ও তার অনুসারীরা এই সুযোগে নানাভাবে নির্যাতন ও চাঁদাবাজি শুরু করে। সাদ্দামের দলবল ভবন নির্মাণের পুরানো স্থাপনা বিনামূল্যে ভেঙে নিতে চায় এবং চাদা দাবি করে।

এছাড়াও, নির্মাণকাজে ব্যবহৃত ইট, বালু, রডসহ বিভিন্ন সামগ্রী বাজারমূল্যের বেশি দামে তাদের কাছ থেকেই কেনার জন্য হুমকি ও চাপ সৃষ্টি করে আসছে। চাঁদা না দেওয়ায় তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে রোকসানা খানম একটি কথোপকথনের অডিও রেকর্ড সকলের উদ্দেশ্যে চালু করে দাবি করেন অপর প্রান্তের ব্যক্তির কন্ঠ সাবেক কাউন্সিলর হিরু। সিটি কর্পোরেশনে তাকে বারবার বিভিন্ন ব্যক্তি দিয়ে অভিযোগ করে নির্মাণ কাজ বাধাগ্রস্থ করা হয়েছে বলেও জানান তিনি।

বগুড়া সদর থানায় নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী নারী ইতোমধ্যে একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন বলে জানিয়েছেন। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে এই ভূমিদস্যু, চাঁদাবাজ ও অত্যাচারীদের হাত থেকে রক্ষা পেতে এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189904