বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদক সেবনকারীর কারাদন্ড

বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদক সেবনকারীর কারাদন্ড

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত ৪ মাদক সেবনকারীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডসহ অর্থদন্ড প্রদান করেছে। আজ বুধবার (৪ নভেম্বর) দুপুরে সহকারি কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, ঘটনার দিন আজ বুধবার (৪ নভেম্বর) দুপুরে গোপন সূত্রের খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম পুলিশ ফোর্সসহ সদরের লালুকা গ্রামে অভিযান চালান। এসময় ৪ জন মাদক সেবী একটি বাড়ির দুটি স্থানে বসে মাদক সেবন কালে তাদেরকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডসহ অর্থদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত মাদক সেবনকারীরা হলো উপজেলা সদরের লালুকা গ্রামের জুয়েলের ছেলে মোহন (২৬)। তাকে ১ মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডসহ ৫শ’ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে।

একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মিরাজুল ইসলাম (৩৫) কে ৫ মাস বিনাশ্রম কারাদন্ডসহ ২হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড, বাবলু প্রামানিকের ছেলে জাহাঙ্গীর আলম (৪০) কে ৬ মাস বিনাশ্রম কারাদন্ডসহ ৫হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও সারিয়াকান্দি উপজেলার আব্দুস সামাদ প্রামানিকের ছেলে এবাদত হাসান রাব্বি (২০) কে ১ মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডসহ ৫শ’ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে।

থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, কারাদন্ডপ্রাপ্ত আসামিদেরকে গতকালই বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189899