পরিত্যক্ত ভবনে জয়পুরহাটের আক্কেলপুর প্রধান ডাকঘরের কার্যক্রম চলছে
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: আক্কেলপুর উপজেলা সদরের প্রধান ডাকঘর টি ১২বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হলে ও এখনো সেই ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম। একই সঙ্গে ডাকঘরের কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক কোয়ার্টারগুলোও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতে নিরাপত্তা হীনতার মধ্যে কাজ করতে হচ্ছে সংশ্লিষ্টদের।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আগে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও এখন পর্যন্ত নতুন ভবন নির্মাণ করা হয়নি। ফলে পুরোনো ভবনেই চলছে ডাকঘরের কার্যক্রম। গুরুত্বপূর্ণ এই ডাকঘরে প্রতিদিন কার্যক্রম চলায় কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সেবা নিতে আসা মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে।
বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাত ও বন্যার সময় ডাকঘরের ভেতরে পানি প্রবেশ করে। এতে দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় ভোগান্তি তৈরি হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ নথিপত্র ও অন্যান্য সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে।
ডাকঘরের উপজেলা পোস্ট মাস্টার মতিউর রহমান জানান, নতুন ভবন নির্মাণের জন্য বাজেট বরাদ্দ পাওয়া গেলে নির্মাণ কাজ শুরু করা হবে বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের আশ্বস্ত করেছে। তবে কবে নাগাদ বাজেট বরাদ্দ হবে এবং নতুন ভবন নির্মাণ শুরু হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত নন তারা।
দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ডাকঘরটির নতুন ভবন নির্মাণের পাশাপাশি আবাসিক কোয়ার্টারগুলো সংস্কার বা পুন নির্মাণের উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই জন নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন তারা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189891