কুড়িগ্রামের উলিপুরে কৃষি জমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে কৃষি জমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন ও সেই মাটি বিক্রির দায়ে নুরুজ্জামান নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জানজায়গীর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নুরুজ্জামান ওই এলাকার মোজাম্মেল হকের ছেলে। পরে তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।

অভিযানে মামলার প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন দুর্গাপুর ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা মশিউর রহমান। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।

তিনি বলেন, কৃষিজমি দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। কৃষিজমির শ্রেণি ও প্রকৃতি পরিবর্তন করে অবৈধভাবে মাটি কাটা এবং বিক্রির কোনো সুযোগ নেই। কৃষিজমির সুরক্ষা নিশ্চিত করতে এ ধরণের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189883