বগুড়ার ধুনটে নাশকতার মামলায় যুবলীগ ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে যুবদল ও ছাত্রদল নেতার দায়েরকৃত বিস্ফোরক আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (৪ নভেম্বর) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। এরআগে মঙ্গলবার রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার গোসাইবাড়ী গ্রামের তফিজ উদ্দিন মন্ডলের ছেলে গোসাইবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম রাঙা (৫০) ও মানিকপোটল গ্রামের মুঞ্জিল আকন্দের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য লাল মিয়া আকন্দ (৪৫)।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ধুনট শহরের শহীদ মিনার চত্বরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মশাল মিছিলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন সেখ বাদি হয়ে মামলা করেন। মামলার তদন্তে ওই ঘটনার সঙ্গে রফিকুল ইসলাম রাঙার সংশ্লিষ্টতার তথ্য পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালের ৩০ নভেম্বর রাত ২টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় মশাল মিছিল বের করেন। এ সময় মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
এ ঘটনায় গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদি হয়ে ১০ ডিসেম্বর থানায় মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে লাল মিয়া আকন্দকে গ্রেফতার করা হয়েছে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, এসব মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189869