অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ২

অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ২

চাঁদপুরে অনলাইনে ইলিশ মাছ বিক্রির নামে প্রতারণার অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে চক্রটির মোট ১১ জনকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তারকৃত দুজন চক্রের ফেসবুক পেজের প্রচারণা, পোস্ট বুস্ট এবং ওয়েবসাইট তৈরিতে সহযোগিতা করতেন বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সন্দ্বীপের কালাপানিয়া ইউনিয়নের শ্রী শান্ত শীল (২৫) ও আমানউল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিঠুন সূত্রধর (২৯)।

পুলিশ জানায়, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল চট্টগ্রামের সন্দ্বীপ থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার (৩ নভেম্বর) সন্দ্বীপ থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে চক্রের সহযোগী হিসেবে সন্দেহভাজন দুই আসামিকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুজন অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণায় জড়িত চক্রের সহযোগী হিসেবে কাজ করতেন। তারা চক্রের ফেসবুক পেজের প্রচারণা চালানো, বিভিন্ন পোস্ট বুস্ট করা ও ওয়েবসাইট তৈরিতে সহায়তা করতেন। অভিযানকালে তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত সিমসহ তিনটি মোবাইল ফোন, চারটি খোলা সিম, একটি ল্যাপটপ ও একটি কম্পিউটার জব্দ করা হয়েছে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, গ্রেপ্তার দুই আসামিকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণার অভিযোগে এর আগে বিভিন্ন সময়ে এ চক্রের আরও ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189866