আগামীকাল খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল খুলনা যাচ্ছেন ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধনী অনুষ্ঠানে।

আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) তিনি খুলনা জেলা স্টেডিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার প্রথমবারের মতো খুলনায় যাচ্ছেন তিনি। একদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে গোটা খুলনা শহর নতুন সাজে সেজেছে। অন্যদিকে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সদস্যরা রয়েছেন মাঠে।

বিভাগীয় প্রশাসন সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। জেলা স্টেডিয়ামের ভেতরে খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী বর্ণাঢ্য আয়োজনে অংশ নেবে। এদিন সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে মোংলা বন্দর কর্তৃপক্ষের আয়োজনে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের মধ্যকার একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। একই সঙ্গে মোংলা বন্দর উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণ ও আনুষঙ্গিক সুবিধা সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

সূত্র আরও জানায়, এরপর বেলা ১১টার দিকে তিনি সড়কপথে বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান আলী (র.)-এর মাজার শরিফ জিয়ারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। মাজার জিয়ারত শেষে দুপুরে সড়কপথে খুলনা সার্কিট হাউজে পৌঁছাবেন এবং সেখানে কিছু সময় বিশ্রাম নেবেন। এরপর বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত দেশের সর্ববৃহৎ শিশু-কিশোর ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে বিকাল সাড়ে ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে তিনি খুলনা ত্যাগ করবেন।

এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে খুলনা জুড়ে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। মাঠপর্যায়ে বিশেষ তদারকি ও নজরদারি জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রীর নিজস্ব নিরাপত্তা বাহিনীর পাশাপাশি পুলিশ, এসআরবি এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্বে রয়েছেন।

মহানগরী ঘুরে দেখা গেছে, খুলনার নতুন রেলস্টেশন, জেলা প্রশাসক কার্যালয়, কেডিএ সড়কের বিভিন্ন স্থানে দেয়ালে দেয়ালে গ্রাফিতি ফুটে উঠেছে। এসব গ্রাফিতিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ দেশের সমৃদ্ধ ঐতিহ্য ও শিল্প-সংস্কৃতির রূপ ফুটিয়ে তোলা হয়েছে।

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন ২) অনুষ্ঠানটি হতে যাচ্ছে এবং এটি আমাদের জন্য খুবই আনন্দের ও খুশির। আমরা সব সংস্থা এবং আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করছি। আমরা আশাবাদী যে অন্যান্য জায়গার চাইতে আমাদের খুলনার ভেন্যুটি হবে একটি ব্যতিক্রমী আয়োজন। স্টেডিয়ামের ভিতরের ভেন্যু ম্যানেজমেন্ট বাদে বাইরের বেশিরভাগ কাজই খুলনা সিটি কর্পোরেশন করেছে। শহরকে পরিচ্ছন্ন, রোড মার্কিং, ফুটপাত দখলমুক্ত এবং অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়েছে। যান চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনার দিকেও নজর দেওয়া হয়েছে। আমরা শতভাগ প্রস্তুতি নিয়ে কাজ করছি। এবার আমাদের কাজের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, খুলনার শিল্প, সাহিত্য এবং খুলনার অতীতের ইতিহাস দুলে ধরা। শিল্প-কলকারখানার ইতিহাস তুলে ধরা। বাংলাদেশে এ ধরনের আয়োজন এটাই প্রথম বলে তিনি জানান।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত, ক্রাইম অ্যান্ড অপারেশনস) এম এম শাকিলুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সব সংস্থার সাথে কথা বলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভেন্যুর আশেপাশেও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে তিনি জানান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189844