শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) মহাখালী ডিবিসি কার্যালয় থেকে তাকে আটক করা হয়। ডিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
আটকের পর ইকবাল সোবহান চৌধুরীকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে। তবে ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে ইকবাল সোবহান চৌধুরী দেশের সাংবাদিক সংগঠনগুলোর নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ডিবিসি নিউজের সভাপতির দায়িত্বে রয়েছেন।
ইকবাল সোবহান চৌধুরী দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টার দায়িত্বেও ছিলেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189830