নেতানিয়াহুকে সরাতে আইজেনকটকে সমর্থন বিরোধীদের
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতা থেকে সরাতে একমত হয়েছে দেশটির প্রধান বিরোধী নেতারা। নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারা সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার তেল আবিবের উত্তরে হার্জলিয়া শহরে বিরোধী জোটের নেতারা বৈঠক করে। ২৭ অক্টোবরের নির্বাচনের পর এটিই ছিল তাদের প্রথম যৌথ বৈঠক। ওই নির্বাচনে ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়, বিরোধী দলগুলো প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে আইজেনকটকে প্রধানমন্ত্রী করার সুপারিশ করবে। পাশাপাশি নতুন সরকারের নীতিমালা ও জোট গঠনের শর্ত চূড়ান্ত করতে আলোচনা শুরু করবে তারা। নেতানিয়াহুর সরকারকে সরিয়ে একটি ‘জাতীয় জরুরি সরকার’ গঠনের লক্ষ্য তাদের। তবে আরব নেতৃত্বাধীন দলগুলোকে নতুন জোটে নেওয়া হবে কি না, তা নিয়ে বিরোধীদের মধ্যে মতভেদ রয়েছে।
নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫৩টি, বিরোধীরা ৪৮টি এবং আরব নেতৃত্বাধীন দলগুলো ১৯টি আসন পেয়েছে। সরকার গঠনে প্রয়োজন ৬১টি আসন। ফলে আরব দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিরোধী নেতা ইয়ার গোলান আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের পক্ষে। তিনি বলেন, তাদের বাদ দেওয়া বর্ণবাদী আচরণ। তবে লিবারম্যান এর বিরোধিতা করেছেন। সাবেক প্রধানমন্ত্রী বেনেটও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে নেতানিয়াহু নিজের নেতৃত্বে একটি বৃহৎ জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে। তবে বিরোধী নেতাদের কেউই তার সঙ্গে যোগ দেওয়ার আগ্রহ দেখায়নি। আরব দলগুলোকে নিয়ে জোট গঠনের সম্ভাবনাও নাকচ করেছে সে।
প্রেসিডেন্ট হারজগ বুধবার ও বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। এরপর কে সরকার গঠনের দায়িত্ব পাবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। আরব দলগুলোর আইনপ্রণেতারা সমর্থন দিলে আইজেনকট সবচেয়ে বেশি সুপারিশ পেতে পারে। সূত্র : আলজাজিরা
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189820