গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বুধবার সকাল থেকে গাজীপুর ও সাভারে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন পোশাক শ্রমিকরা। এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। তবে তাৎক্ষণিক হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের গাছা থানার সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয় শ্রমিকরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন শ্রমিকরা। পুলিশও ইটপাটকেলের জবাবে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকে পরিস্থিতি ভালো ছিল, স্বাভাবিক ছিল। সাড়ে ৯টার দিকে গাছা থানা এলাকায় ২ থেকে ৪ হাজার শ্রমিক রাস্তায় আসে।
এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরে টিয়ালশেল ছুড়ে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে জয়দেবপুরের দিকে শ্রমিকরা এসেছিল। তাদেরও সরিয়ে দেওয়া হয়েছে। সালনা, রাজেন্দ্রপুর, শফিপুর ও পল্লী বিদ্যুৎ এলাকায় পরিস্থিতি ভালো আছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189797