আপা আসবে তাই চলে যাচ্ছি : আসিফ মাহমুদ

আপা আসবে তাই চলে যাচ্ছি : আসিফ মাহমুদ

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ!’—নিজের ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে প্লেনের ভেতরে দলের কয়েকজন নেতার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে এ কথা লেখেন তিনি।

ছবিতে আসিফ মাহমুদের সঙ্গে ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ।

ধারণা করা হচ্ছে, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ৪ থেকে ৭ নভেম্বর অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইক্যাপ) ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যাওয়ার সময় ছবিটি তোলা হয়েছে। সম্মেলনে অংশ নিতে এনসিপির চার সদস্যের একটি প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়া যাচ্ছে।

এ সফর উপলক্ষে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নাগরিক সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করেছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স, দক্ষিণ কোরিয়া।

আয়োজনে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে থাকবেন নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রধান বক্তা হিসেবে অংশ নেবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিশেষ অতিথি থাকবেন মনিরা শারমিন ও আলাউদ্দীন মোহাম্মদ।

এদিকে, মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে মনিরা শারমিন দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেখা ও মতবিনিময়ের আগ্রহ প্রকাশ করেন। তিনি লেখেন, এনসিপির নেতাদের সফর উপলক্ষে আয়োজিত নাগরিক সংবর্ধনা ও মতবিনিময় সভায় সবার সঙ্গে দেখা হওয়ার প্রত্যাশা করছেন। অনুষ্ঠানে অংশ নিতে রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে আয়োজক সংগঠনটি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189794