এনসিপিকে হুঁশিয়ার করে ছাত্রদল সেক্রেটারির ফেসবুক পোস্ট

এনসিপিকে হুঁশিয়ার করে ছাত্রদল সেক্রেটারির ফেসবুক পোস্ট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটিতে এক নেতাকে পদ দেওয়ার ঘটনায় দলটির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির। তাঁর অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদের হত্যা মামলার আসামিকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের মাধ্যমে এনসিপি শহীদের রক্ত ও গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

পোস্টে নাসির লেখেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল মুক্তিকামী ছাত্র-জনতার রক্তে ভেজা ঐতিহাসিক বিপ্লব। ফ্যাসিবাদবিরোধী সেই আন্দোলনে চট্টগ্রামের মাটিতে প্রথম শহীদ হন ছাত্রদল নেতা মো. ওয়াসিম আকরাম। তাঁর আত্মত্যাগ চট্টগ্রামসহ দেশের ছাত্র-জনতাকে রাজপথে নামতে অনুপ্রাণিত করেছিল।

তিনি আরও অভিযোগ করেন, শহীদ ওয়াসিম আকরাম হত্যা মামলার অন্যতম আসামি এ কে এম জিয়াউদ্দিন, যিনি ‘জিয়া রনি’ নামে পরিচিত, তাঁকে এনসিপির সদ্যঘোষিত চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। সংবাদমাধ্যমের সূত্রে তাঁরা এ তথ্য জানতে পেরেছেন বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

নাসিরের ভাষ্য, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদের হত্যা মামলার আসামিকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করে এনসিপি শহীদের রক্ত ও গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে বেইমানি করেছে। এমন ঘটনার নিন্দা জানানোর ভাষা তাঁদের নেই বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষাংশে এনসিপিকে অবিলম্বে ওই নেতার পদ বাতিলের আহ্বান জানান ছাত্রদলের এই নেতা। অন্যথায় শহীদের রক্তের মর্যাদা রক্ষায় ছাত্রদল কঠোর সামাজিক ও রাজনৈতিক পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189789