বাংলাদেশে শ্রমিক আন্দোলন পর্যবেক্ষণ করছে ভারত

বাংলাদেশে শ্রমিক আন্দোলন পর্যবেক্ষণ করছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ও পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। পাশাপাশি সীমান্ত অতিক্রমকারী নদীর পানি বণ্টন এবং উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক কূটনৈতিক সফরের বিষয়ে বিদ্যমান দ্বিপাক্ষিক কাঠামোর মধ্যেই আলোচনা এগিয়ে নিতে চায় দেশটি।

মঙ্গলবার নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন।

ঢাকায় সাম্প্রতিক পোশাকশ্রমিকদের বিক্ষোভ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক ও গঠনমূলক’ সম্পর্ক বজায় রাখার বিষয়ে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

জয়সওয়াল বলেন, ‘আমরা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সেখানে বেশ কিছু ঘটনা ঘটেছে এবং আমরা সেগুলোর দিকে নজর রাখছি। ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আমরা ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে চাই।’

যৌথ নদীগুলোর পানি ব্যবস্থাপনা, বিশেষ করে গঙ্গার পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে ভারতের এই মুখপাত্র বলেন, এ ধরনের আলোচনা নির্ধারিত দ্বিপাক্ষিক ব্যবস্থার মাধ্যমেই এগিয়ে নেওয়া হবে।

তিনি বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে একটি যৌথ নদী কমিশন রয়েছে। গঙ্গাসহ সব সীমান্ত অতিক্রমকারী নদী নিয়ে আলোচনার আনুষ্ঠানিক কাঠামো এটিই।’

নয়াদিল্লি ও ঢাকার মধ্যে আসন্ন উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগের প্রসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানানোর বিষয়টি স্মরণ করিয়ে দেন জয়সওয়াল।

তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছি। এ বিষয়ে নতুন কোনো তথ্য থাকলে পরে জানানো হবে।’

এদিকে, বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন মঙ্গলবার চতুর্থ দিনে গড়িয়েছে। চলমান এই আন্দোলনের মধ্যেই পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানাল ভারত।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189787