বগুড়ায় এনসিএল : রাজশাহীকে হারিয়ে পয়েন্ট টেবিলে চারে উঠে এলো রংপুর
স্পোর্টস রিপোর্টার: বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ২৮তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) চার দিনের ম্যাচে রাজশাহীর বিপক্ষে ৬ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে রংপুর বিভাগ। দ্বিতীয় ইনিংসে রংপুরের বোলারদের নৈপূণ্যে রাজশাহীকে ১৮৪ রানে গুটিয়ে দিলে জয়ের জন্য রংপুরের টার্গেট দাঁড়ায় ১৬০ রান। ৪ উইকেট হারিয়ে তারা জয় নিশ্চিত করে।
দুই ইনিংসে ৭ উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রংপুরের মেহেদী হাসান। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এলো রংপুর। অন্যদিকে, রাজশাহী নেমে গেল সাতে। আগের দিনের ৩ উইকেটে ১১০ রানে চতুর্থ ও শেষ দিনে ব্যাট করতে নেমে রংপুরের বোলারদের সামনে অসহায় আত্মসমর্পন করে রাজশাহী।
আগের দিনে ৪১ রানে অপরাজিত ব্যাটসম্যান দলনেতা প্রিতম আর কোন রান না করেই সাজঘরে ফেরেন। এরপর লোয়ার অর্ডারে নিহাদুজ্জামন ও ওয়াসি সিদ্দিকী কিছুটা প্রতিরোধ গড়লেও দলকে বেশিদূর নিতে পারেননি। ১৮৪ রানেই গুটিয়ে যায় রাজশাহী।
জয়ের জন্য রংপুরের সামনে টার্গেট দাঁড়ায় ১৬০ রান। নিহাদুজ্জামান ও ওয়াসি দুজনেই ২৮ রান করেন। রংপুরের মেহেদী হাসান ৩টি, আলাউদ্দিন বাবু ও শাহরিয়া আল আমিন ২টি করে এবং মামুন, রিশাদ ও আবু হাশিম একটি করে উইকেট শিকার করেন।
সহজ টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হন রংপুরের দুই ওপেনার অনিক সরকার ও মীম মোসাদ্দেক। মাত্র ৫ ওভার ৪ বলে ৩৯ রান করার পর ১৪ বলে ব্যক্তিগত ১৮ রান করে আউট হন অনিক সরকার। এরপর ইকবাল হোসেনকে সাথে নিয়ে দলের জয়ের ভীত সুসংহত করেন মীম মোসাদ্দেক।
দলের জয় নিশ্চিত করে দলীয় ১৪১ রানের সময় নিহাদুজ্জামানের বলে সাব্বিরের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন মীম মোসাদ্দেক। ৫টি চার ও একটি ছক্কার সাহায্যে ৬১ রান করেন তিনি। এরপর রিশষাদের তান্ডবে ৪ উইকেট হারিয়ে রোমাঞ্চকর জয় তুলে নেয় রংপুর।
রিশাদ ১৯ বলে ১টি চার ও ৩টি বিশাল ছক্কার সাহায্যে অপরাজিত ৩০ রান করেন। এছাড়া ইকবাল হোসেন দলের পক্ষে ২৯ রান করেন। রাজশাহীর পায়েল, ওয়াসি ও নিহাদুজ্জামান একটি করে উইকেট শিকার করেন।
একজন ব্যাটসম্যান রান আউটের শিকার করেন। দুই ইনিংসে ৭ উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রংপুরের মেহেদী হাসান। ম্যাচ শেষে তার হাতে ক্রেষ্ট তুলে দেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারন সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল। বগুড়া ভেন্যুর সবশেষ চারদিনের ম্যাচটি শুরু হবে ৭ নভেম্বর। মুখোমুখী হবে রাজশাহী বনাম সিলেট বিভাগ।
সংক্ষিপ্ত স্কোর:
রাজশাহী, ১ম ইনিংস: ২৩১, মেহেরব ১০১, নিহাদুজ্জামান ৫৭, নাঈম আহম্মেদ ২০, মেহেদী ৩৭/৪, বাবু ১৮/২।
রাজশাহী, ২য় ইনিংস: ১৮৪, প্রিতম ৪১, নাঈম ২৫, সাব্বির ২৫, নিহাদুজ্জামান ২৮, ওয়াসি সিদ্দিকী ২৮, মেদেহী ৬৭/৩, বাবু ৩৩/২, আল আমিন ৩০/২।
রংপুর ১ম ইনিংস: ২৫৬, অনিক ৭৫ ইকবাল ৭০ পায়েল ৬৪/৫, শফিকুল ৬২/২।
রংপুর, দ্বিতীয় ইনিংস: ১৬০/৪, মীম মোসাদ্দেক ৬১, ইকবাল ২৯, রিশাদ ৩০*, পায়েল ২৭/১, ওয়াসি ৩৭/১, নিহাদুজ্জামান ২২/১।
ফলাফল: রংপুর বিভাগ ৬ উইকেটে জয়ী
প্লেয়ার অব দ্য ম্যাচ: মেহেদী হাসান (এইচপি)