সার ডিলারশিপে ৫ লাখ টাকার লেনদেনের ভিডিও মিথ্যা দাবি করে সাবেক বিএনপি নেতা টুকুর সংবাদ সম্মেলন 

সার ডিলারশিপে ৫ লাখ টাকার লেনদেনের ভিডিও মিথ্যা দাবি করে সাবেক বিএনপি নেতা টুকুর সংবাদ সম্মেলন 

শহর প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি ভিডিওকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন বগুড়া সদরের ৪ নম্বর এরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন টুকু। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন। ওই ভিডিওতে সার ডিলারশিপ পাইয়ে দেওয়ার জন্য তার ৫ লাখ টাকা লেনদেনের অভিযোগ ওঠে।

পেশায় দলিল লেখক টুকু সংবাদ সম্মেলনে জানান, তিনি এরুলিয়ার দোগাড়িয়া গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন দলের সক্রিয় কর্মী। ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে তিনি আগে থেকেই প্রচার চালাচ্ছিলেন।

তার দাবি, ১ নভেম্বর সন্ধ্যায় এরুলিয়ায় আব্দুল মজিদ আকন্দের ছেলে এস এম ইমরান নিজেকে বিএনপির সাধারণ কর্মী পরিচয় দিয়ে একটি কাগজে স্বাক্ষর চান। তখন কিছু কুচক্রী মহল স্বাক্ষরের সময় ভিডিও ধারণ করে এবং পরে তা ছড়িয়ে দেয়। তার অভিযোগ, ভিডিওতে তাকে জোরপূর্বক গালিগালাজ ও অপমান করা হয়েছে, আর ৫ লাখ টাকা লেনদেনের অভিযোগ তুলে কাগজে স্বাক্ষর করানো হয়েছে।

টুকুর অভিযোগ, দলীয়ভাবে অভিযোগ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তড়িঘড়ি করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি সংবাদকর্মীদের ঘটনার সত্যতা যাচাই করে সংবাদ প্রচারের অনুরোধ জানান। সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189759