‘Dear 90’s’ নিয়ে ছোট পর্দায় ফিরছেন কোয়েল মল্লিক
নব্বইয়ের দশকের প্রেম, আবেগ ও স্মৃতিকে কেন্দ্র করে নির্মিত নতুন ধারাবাহিক ‘Dear 90’s’ দিয়ে ছোট পর্দায় ফিরছেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। আগামী ২৩ নভেম্বর থেকে সোনি আট চ্যানেলে শুরু হবে ধারাবাহিকটির সম্প্রচার।
ধারাবাহিকটির গল্প এগোবে নব্বইয়ের দশকের প্রেম, হাতে লেখা চিঠি, অডিও ক্যাসেট, প্রিয় মানুষের অপেক্ষা ও না-বলা অনুভূতিকে ঘিরে। তবে শুধু প্রেম নয়, বড় হয়ে ওঠা, স্বপ্ন, আত্ম-আবিষ্কার এবং জীবনের পরিবর্তিত সম্পর্কের সমীকরণও উঠে আসবে এতে। কোয়েল মল্লিক জানিয়েছেন, নব্বইয়ের দশকের প্রেমের সরলতা ও ছোট ছোট মুহূর্তের আনন্দ তাঁকে গল্পটির প্রতি আকৃষ্ট করেছে। এই ধারাবাহিকের মাধ্যমে দর্শকেরা নিজেদের জীবনের পরিচিত কিছু স্মৃতি খুঁজে পাবেন বলেও আশা তাঁর।
সুরিন্দর ফিল্মস প্রাইভেট লিমিটেডের প্রযোজনায় নির্মিত ধারাবাহিকটিতে কোয়েল মল্লিকের সঙ্গে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন শঙ্খজিৎ সেনগুপ্ত ও অপরাজিতা মুখার্জি। বড় পর্দায় একাধিক সফল চরিত্রে অভিনয়ের পর ছোট পর্দায় কোয়েলের এই নতুন যাত্রা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189753