মৌলভীবাজারের কুলাউড়ায় বাইক ও প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১

মৌলভীবাজারের কুলাউড়ায় বাইক ও প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১

মৌলভীবাজারের কুলাউড়া-জুড়ি আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বাইক চালক তরুণের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উত্তর কুলাউড়ার বিজয়া রোডের সামনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুড়ি উপজেলার জায়ফরনগর ইউনিয়নের রাজাপুর এলাকার শফাওত আলীর ছেলে তানভীর আহমদ (২১) বাড়ি থেকে শহরে আসছিলেন। এসময় উত্তর কুলাউড়ার বিজয়াবাজার রোডের সামনে আসামাত্র বিপরীত থেকে আসা দ্রুতগামী একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তানভীরের মোটরবাইকটি দুমড়েমুচড়ে যায়। তখন প্রাইভেটকার চালক জয়চন্ডী ইউনিয়নের গিয়াসনগর এলাকার বাসিন্দা রুহিন মিয়া গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

এদিকে স্থানীয় লোকজন আহত তানভীরকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে প্রেরণ করেন।

তানভীরের চাচাতো ভাই মাছুম মিয়া জানান, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তানভীরকে নিয়ে সিলেটে যাওয়ার সময় পথিমধ্যেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে। এরপর বিজয়াবাজার রোডের গিয়াসনগর ইসলামিয়া দাখিল মাদরাসার সামন থেকে প্রাইভেট কারটি জব্দ করা হয়। মাদরাসার সামনে যাত্রীসহ কার রেখে পালিয়ে যানচালক রুহিন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। প্রাইভেট কার ও মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। কার চালককে আটক করতে মাঠে রয়েছে পুলিশ। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189730