ঢাবি লোক প্রশাসন বিভাগে ‘লিডারশিপ ওয়ার্কশপ ২০২৬’ অনুষ্ঠিত
ঢাবি প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে ‘লিডারশিপ ওয়ার্কশপ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ১২৩৮ নম্বর কক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আর্থ ক্লাব (DUPAEC) ও ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (DYDF) যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ও চেয়ারপারসন অধ্যাপক ড. সৈয়দা লাসনা কবির এবং ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারপারসন আখতারুজ্জামান খান কবির।
এ সময় অতিথিরা বলেন, তরুণদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না; পাশাপাশি বাস্তবমুখী নেতৃত্বের দক্ষতা, সামাজিক দায়বদ্ধতা এবং পরিবেশগত সচেতনতা অর্জন করতে হবে। এসব গুণের বিকাশে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কর্মশালায় সেশন পরিচালনা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের (C3ER) সহকারী পরিচালক রউফা খানম এবং ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অমিয় প্রাপন চক্রবর্তী (অর্ক)। তাঁদের সেশনে ‘ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট লিডারশিপ’, যুব উন্নয়ন এবং তরুণদের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানটির সমন্বয় ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লোক প্রশাসন বিভাগের প্রভাষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আর্থ ক্লাবের মডারেটর আফসানা আলম। কর্মশালায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পাশাপাশি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা নেতৃত্ব, পরিবেশ ও যুব উন্নয়নবিষয়ক বিভিন্ন বিষয়ে প্রশ্ন করার সুযোগ পান। কর্মশালার শেষ পর্যায়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
আয়োজকেরা জানান, তরুণদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং পরিবেশসচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কর্মশালা আয়োজনের উদ্যোগ অব্যাহত থাকবে।