ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের পদবিতে পরিবর্তন

ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের পদবিতে পরিবর্তন

ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর পদবিতে পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে বাহিনীর ‘দফাদার’ পদটির নাম হবে ‘গ্রাম পুলিশ প্রধান’। আর ‘মহল্লাদার’ পদটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘গ্রাম পুলিশ’। গত ১ নভেম্বর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৯৬ ও ৪৮ ধারায় দেওয়া ক্ষমতাবলে সরকার ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) গ্রাম পুলিশ বাহিনীর গঠন, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও চাকরির শর্তাবলি সম্পর্কিত বিধিমালা, ২০১৫’ সংশোধন করেছে।

সংশোধনী অনুযায়ী, ২০১৫ সালের বিধিমালার সর্বত্র ‘দফাদার’ শব্দের পরিবর্তে ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ শব্দের পরিবর্তে ‘গ্রাম পুলিশ’ শব্দ ব্যবহার করা হবে।


রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশোধিত বিধিমালা অবিলম্বে কার্যকর হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189708