‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার শুধু তুমি’, স্ত্রীর জন্মদিনে ওমর সানী
বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমীর জন্মদিন আজ। বিশেষ এই দিনে স্ত্রীকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন চিত্রনায়ক ওমর সানী।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মৌসুমীর একটি ছবি প্রকাশ করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। স্ত্রীকে বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার হিসেবে উল্লেখ করে সানী লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার শুধু তুমি...।’
এর আগে আরেকটি ফেসবুক পোস্টে স্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ আয়োজনের কথা জানান ওমর সানী। সেখানে তিনি লেখেন, ‘৩/১১/২৬ আজকে প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন আলহামদুলিল্লাহ।
আমার দোয়া আল্লাহ তোমাকে সুস্থ রাখুন, ভালো রাখুন, সম্মানের সাথে রাখুন। আমার পরিবারের তাজ হয়ে থাকো। তোমার ফ্যান ক্লাবের আয়োজনে ইনশাআল্লাহ আমি থাকব। আগামী ৪/১১/২৬ চাপওয়ালা শ্বশুরবাড়ি রেস্টুরেন্টে, হেমায়েতপুর, সাভার ঢাকা। আমি থাকব গরিব-দুঃখীদের মাঝে ফাইজা এবং তোমার জন্মদিন উপলক্ষে তবারক বিলি করা হবে। যেটা তোমরা চেয়েছো, আল্লাহ কবুল করুন। শুভ জন্মদিন মৌসুমী।’
১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনা শহরে জন্মগ্রহণ করেন আরিফা জামান মৌসুমী। নব্বইয়ের দশকে প্রয়াত পরিচালক সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ। প্রথম সিনেমা দিয়েই দর্শকের নজর কাড়েন মৌসুমী। এরপর একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে।
মৌসুমীর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দোলা’, ‘আত্মঅহংকার’, ‘স্নেহ’, ‘দেনমোহর’, ‘অন্তরে অন্তরে’, ‘মাতৃত্ব’, ‘দেবদাস’, ‘বিশ্বপ্রেমিক’, ‘আম্মাজান’, ‘লুটতরাজ’, ‘মেঘলা আকাশ’, ‘ইতিহাস’, ‘লাল দরিয়া’, ‘খায়রুন সুন্দরী’, ‘মোল্লাবাড়ির বউ’। অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। তাঁর পরিচালিত দুটি সিনেমা হলো ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ ও ‘মেহেরনিগার’।
১৯৯৬ সালের ২ আগস্ট চিত্রনায়ক ওমর সানীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মৌসুমী। দীর্ঘ দাম্পত্য জীবনে দুই তারকাই দেশের চলচ্চিত্র অঙ্গনে নিজেদের অবস্থান ধরে রেখেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189704