নেতানিয়াহুর সঙ্গে জোট না গড়তে অনড় আইজেনকট

নেতানিয়াহুর সঙ্গে জোট না গড়তে অনড় আইজেনকট

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের রাজনীতিতে সরকার গঠন নিয়ে চলছে নানা হিসাবনিকাশ। এর মধ্যে বিরোধী দলগুলোর পক্ষ থেকে পরবর্তী সরকার গঠনের জন্য সামনে আনা হয়েছে গাদি আইজেনকটের নাম। তবে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে সরকার গঠনের প্রশ্নে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুরোধ করলেও নেতানিয়াহুর সরকারে যোগ দেবেন না বলে জানিয়ে দিয়েছেন এই বিরোধী নেতা।

সোমবার (২ নভেম্বর) ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান (কেএএন) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, সম্প্রতি এক রুদ্ধদ্বার বৈঠকে এসব কথা বলেছেন আইজেনকট। বৈঠকে আইজেনকোট বলেছেন, তিনি নেতানিয়াহুর নেতৃত্বাধীন কোনো সরকারে বসবেন না। ট্রাম্প তাকে আমন্ত্রণ জানালে তিনি মার্কিন প্রেসিডেন্টকে সম্মান জানিয়ে সেই বৈঠকে উপস্থিত হবেন। তবে, সেখানে তিনি স্পষ্ট করে জানিয়ে দেবেন, এটি ইসরায়েলের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেবেন না তিনি।

এর আগে, নেতানিয়াহু বিভিন্ন দলের অংশগ্রহণে একটি বড় জোট সরকার গঠনের বিষয়ে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে, সেই সরকারের নেতৃত্ব তাকেই দিতে হবে বলে শর্ত দিয়েছেন তিনি। একই সঙ্গে, ইসরায়েলের প্রধান দুই আরব দল রা’আম ও জয়েন্ট লিস্টের সমর্থনের ওপর নির্ভর করে কোনো সরকার গঠনেও রাজি নন তিনি।

গত সপ্তাহের পার্লামেন্ট নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে, ইহুদিদের নেতৃত্বাধীন বিরোধী দলগুলো পেয়েছে ৪৮টি আসন। আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন। ফলে, ১২০ সদস্যের ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

এদিকে, নাফতালি বেনেটের দল টুগেদার, ইয়ার গোলানের দল ডেমোক্র্যাটস এবং আভিগদর লিবারম্যানের দল ইসরায়েল বেইতেনু পরবর্তী সরকার গঠনের জন্য আইজেনকটের নাম প্রস্তাব করার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির দুই আরব দলও তাকে সমর্থন জানাতে পারে। তাদের সমর্থন পেলে আইজেনকোটের পক্ষে থাকা আইনপ্রণেতার সংখ্যা বেড়ে ৬৭ হতে পারে। তবে, সরকার গঠনের ক্ষেত্রে লিবারম্যানের অবস্থান নিয়ে জটিলতা তৈরি হয়েছে। আরব দলগুলোকে নিয়ে কিংবা তাদের সমর্থন নিয়ে গঠিত কোনো সরকারে যোগ দিতে চান না তিনি।

ফলে, বিরোধী দলগুলো আইজেনকোটকে সমর্থন করলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমঝোতায় পৌঁছানো কঠিন হতে পারে। তবে, মঙ্গলবার বিরোধী দলের নেতাদের নিজেদের অবস্থান সমন্বয় করতে বৈঠকে বসার কথা রয়েছে। এরপর আগামী বুধবার থেকে দুই দিন ধরে পার্লামেন্টের বিভিন্ন দলের সঙ্গে আলোচনা শুরু করবেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এসব আলোচনার পরই ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়া এগোবে। সূত্র : আনাদোলু এজেন্সি

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189688