আমতলীতে ৪৭০০ ইয়াবাসহ ধরা স্বামী-স্ত্রী, পালিয়ে গেলেন জামাই
বরগুনার আমতলী উপজেলায় অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তবে এ সময় কৌশলে পালিয়ে গেছেন তাদের মেয়ের জামাই এবং মামলার অপর পলাতক আসামি মো. সবুজ মৃধা।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে আমতলী থানার কুকুয়া ইউনিয়নের পূর্ব চুনাখালী এলাকার সাবিনের বাড়িতে এ অভিযান চালানো হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন মোসা. কহিনুর (৪০) ও তার স্বামী মো. সেলিম প্যাদা (৫৫)। পলাতক সবুজ মৃধার বয়স ৩২ বছর।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পূর্ব চুনাখালী এলাকার ওই বাড়িতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় সেলিম প্যাদা ও তার স্ত্রী কহিনুরকে আটক করা হয়। তাদের জামাই সবুজ মৃধা কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে কহিনুরের শরীর তল্লাশি করে তাঁর পরিহিত পোশাকের ভেতর থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির রান্নাঘরে লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে কসটেপ ও পলিথিনে মোড়ানো আরও ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা ইয়াবার সংখ্যা ৪ হাজার ৭০০ পিস। এসব ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১৪ লাখ ১০ হাজার টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত প্যাকেটিং সরঞ্জামও জব্দ করা হয়।
এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা বলেন, বরগুনা জেলাকে মাদকমুক্ত করতে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের ছদ্মবেশে কিংবা পারিবারিক সম্পর্কের আড়ালে যারা মাদক কারবার চালিয়ে যাচ্ছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। জেলা পুলিশের বিশেষ অভিযান ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত কেউ আইনের হাত থেকে রেহাই পাবে না।
তিনি আরও বলেন, গ্রেফতার আসামিদের পাশাপাশি পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আমতলী থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পলাতক সবুজ মৃধাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189681