আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ম্যাক্সওয়েলের

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ম্যাক্সওয়েলের

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। শুধু আন্তর্জাতিক ক্রিকেটকে নয়, প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেট থেকেও সরে দাঁড়িয়েছেন ম্যাক্সওয়েল। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দেখা যাবে ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডারকে। 

গত বছরের জুনে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি। তবে টি-টোয়েন্টি দলে খেলার দরজা খোলা রেখেছিলেন। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে ম্যাচটিই হয়ে থাকল দেশের হয়ে তার শেষ ম্যাচ। বিদায় নিয়ে ‘ফাইনাল ওয়ার্ড পডকাস্টে’ ম্যাক্সওয়েল বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ও পরে আমাদের বেশ কয়েকবার আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত তখনো হয়নি। অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকেও কোনো চাপ ছিল না। তাই আমরা সুযোগটা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। সামনে কয়েকটি সিরিজ ছিল। দল ভবিষ্যতের কথা ভেবে নতুনদের সুযোগ দিতে চেয়েছিল। বাংলাদেশেও আমরা সেটার প্রতিফলন দেখেছি। সেখানে কয়েকজন নতুন ক্রিকেটার সুযোগ পেয়েছে এবং তারা দারুণ পারফর্ম করেছে।

শেষ ম্যাচ খেলতে না পারার আক্ষেপও আছে ম্যাক্সওয়েলের মনে। সব মিলিয়ে তিনবারের বিশ্বকাপজয়ী ব্যাটার বলেছেন, ছোট্ট একটা আশা ছিল, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হয়তো বিদায়ি ম্যাচ খেলার সুযোগ পাব। তবে দলের ভবিষ্যৎ পরিকল্পনা আমি পুরোপুরি বুঝতে পারছি।

অস্ট্রেলিয়ার হয়ে ১৩০টি টি-টোয়েন্টি খেলেছেন ম্যাক্সওয়েল। করেছেন ২ হাজার ৮৯৭ রান। স্ট্রাইক রেট ১৫৪.৪২। অফস্পিনে নিয়েছেন ৫১ উইকেট। এই সংস্করণে তার সেঞ্চুরি পাঁচটি। ভারতের রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে যা বিশ্বরেকর্ড। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন ম্যাক্সওয়েল। ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন দুবার। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে তো খেলেছেন সীমিত সংস্করণের ইতিহাসে সেরা ইনিংসটি। এক পা ভর দিয়ে আফগানিস্তানের বিপক্ষে খেলেছেন ১২৮ বলে ২০১ রানের অবিশ্বাস্য ইনিংস। টেস্ট খেলেছেন সাতটি। ২০১৭ সালে ভারতের বিপক্ষে রাঁচিতে করেছিলেন ক্যারিয়ারের একমাত্র টেস্ট সেঞ্চুরি।

আপাতত ম্যাক্সওয়েলের ঠিকানা মেলবোর্ন স্টার্স। ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত দলটির সঙ্গে চুক্তি বাড়িয়েছেন ম্যাক্সওয়েল। আন্তর্জাতিক অধ্যায় শেষ হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আরো কিছুদিন তার ব্যাট-বলের ঝলক দেখতে পারবেন ভক্ত-সমর্থকরা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189667