মিয়ানমারে ব্যাপক বিমান হামলা, শিশুসহ নিহত ১৫
আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাখাইন ও কারেন্নি রাজ্যের চারটি শহরে সামরিক বাহিনীর বিমান হামলায় শিশুসহ ১৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও ৩২ জন। নিহতদের মধ্যে ১২ জন রাখাইন প্রদেশের বাসিন্দা।
সোমবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
স্বাধীন সংবাদমাধ্যম ইরাবতী স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানায়, রোববার রাখাইন ও কারেন্নি রাজ্যের কিয়াউকতাও, ম্রাউক-ইউ, পাউকতাও ও কিয়াউকফিউ শহরে হামলা চালায় মিয়ানমারের সামরিক বাহিনী। আবাসিক এলাকা ছাড়াও একটি মাতৃসদনে হামলা হয়। এতে রাখাইন প্রদেশে এক শিশুসহ ১২ জন নিহত এবং ৩২ জন আহত হন।
এর আগে শনিবার কারেন্নি প্রদেশের পূর্বাঞ্চলীয় লইকাও শহরের একটি স্কুলে বিমান হামলা চালায় সামরিক বাহিনী। ছুটির দিনে ওই স্কুলে শিশুদের জন্য পুষ্টিবিষয়ক কর্মসূচি চলছিল। হামলায় তিন শিশু নিহত ও আরও আটজন আহত হয়।
২০২১ সালের ফেব্রুয়ারিতে মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে সামরিক বাহিনী নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। এরপর দেশটির বিভিন্ন অঞ্চলে সামরিক সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করে একাধিক জাতিগত সশস্ত্র গোষ্ঠী।
রাখাইন প্রদেশে বিপুলসংখ্যক রোহিঙ্গার বসবাস। প্রধানত মুসলিম এই সংখ্যালঘু জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে মিয়ানমারের সামরিক বাহিনীসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর নিপীড়নের শিকার হয়ে আসছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189643