কুমিল্লার দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে রোগী বহনের আড়ালে মাদক পাচার, আটক ২
কুমিল্লার দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে রোগী বহনের আড়ালে মাদক পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা-পুলিশ।
আজ সোমবার সকালে মেঘনা-গোমতি সেতু টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের কাছ থেকে ৬৭২ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটিও জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন চৌদ্দগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া এলাকার মো. শহিদুল্লাহ ও মীনা আক্তারের ছেলে মো. নাহিদ (২৬) এবং চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাহির গোড়া এলাকার আবু জাফর ও নিলুফা বেগমের ছেলে আব্দুর রহিম মুন্না (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক রেজওয়ানুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স মেঘনা-গোমতি সেতু টোল প্লাজায় বিশেষ চেকপোস্ট স্থাপন করেন।
চেকপোস্টে সন্দেহভাজন একটি অ্যাম্বুলেন্স তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬৭২ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে অ্যাম্বুলেন্সের মতো জরুরি সেবার আড়ালে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
দাউদকান্দি মডেল থানা-পুলিশ জানিয়েছে, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।