আর্জেন্টাইন লিসান্দ্রোকে পেতে যে শর্ত মানতে হবে বার্সা’র

আর্জেন্টাইন লিসান্দ্রোকে পেতে যে শর্ত মানতে হবে বার্সা’র

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে লিসান্দ্রো মার্তিনেজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, অন্যদিকে রক্ষণভাগের চোট-সমস্যায় দিশেহারা বার্সেলোনা। দুই পক্ষের এই পরিস্থিতিতে নতুন সম্ভাবনা দেখছে কাতালান ক্লাবটি। আর্জেন্টাইন ডিফেন্ডারকে দলে ভেড়াতে আগ্রহী তারা। তবে চাইলেই হচ্ছে না। লিসান্দ্রোকে পেতে হলে ইউনাইটেডের কাছ থেকে তাকে কম দামে পাওয়ার নিশ্চয়তা চায় বার্সেলোনা।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’-এর বরাতে এ খবর নিশ্চিত করেছে গোল ডটকম। আগামী জানুয়ারির দলবদলে রক্ষণভাগে নতুন খেলোয়াড় যুক্ত করতে চায় বার্সেলোনা। সম্ভাব্য তালিকায় থাকা ফুটবলারদের মধ্যে আছেন লিসান্দ্রোও। ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডারের পরিস্থিতির ওপর নজর রাখছেন বার্সার ক্রীড়া পরিচালক ডেকো। তবে লিসান্দ্রোকে পাওয়ার ক্ষেত্রে বড় বাধা বার্সেলোনার আর্থিক সীমাবদ্ধতা। গ্রীষ্মের দলবদলে বেশ কয়েকজন খেলোয়াড়কে দলে নেওয়ার পর জানুয়ারিতে বড় অঙ্কের অর্থ খরচ করার সুযোগ নেই ক্লাবটির। তাই আর্জেন্টাইন ডিফেন্ডারকে পেতে হলে সাশ্রয়ী কোনো চুক্তির পথ খুঁজতে হবে তাদের।

বার্সেলোনার আর্থিক সংকটের বিষয়টি আগেই স্পষ্ট করেছিলেন ক্লাবটির কোষাধ্যক্ষ ফেরান অলিভে। এক অনুষ্ঠানে তিনি জানান, ক্লাবের হাতে কিছু অর্থ থাকলেও তা খুব বেশি নয়। তার ভাষায়, ‘আমাদের কিছু অর্থ উদ্বৃত্ত আছে, তবে সেটি খুবই সামান্য। মাত্র ৩০ থেকে ৪০ লাখ ইউরো।’ নতুন খেলোয়াড় কিনতে হলে আগে কাউকে বিক্রি করতে হতে পারে বলেও জানিয়েছিলেন অলিভে। তিনি বলেন, ‘নতুন ফুটবলার কিনতে হলে আগে কাউকে বিক্রি করতে হবে। একজনকে দলে নিতে হলে আরেকজনকে ছাড়তে হবে।’

অর্থের সীমাবদ্ধতা থাকলেও নতুন ডিফেন্ডার খোঁজার প্রয়োজনীয়তা রয়েছে বার্সেলোনার। মৌসুমের শুরুতে চোটের কারণে মাঠের বাইরে চলে গেছেন এরিক গার্সিয়া, জুলস কুন্দে, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন ও হাভি এসপার্ত। এতে রক্ষণভাগ সাজাতে সমস্যায় পড়েছেন কোচ হান্সি ফ্লিক। এমন পরিস্থিতিতে অভিজ্ঞ একজন সেন্টারব্যাককে দলে পাওয়ার সুযোগ হাতছাড়া করতে চায় না বার্সা। ২৮ বছর বয়সী লিসান্দ্রোর সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের চুক্তির মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। তবে চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে ক্লাবটির হাতে। জানুয়ারিতে তাকে বিক্রি করতে পারলে ইউনাইটেডও কিছু অর্থ পেতে পারে। অন্যদিকে কম খরচে বাঁ পায়ের অভিজ্ঞ সেন্টারব্যাক পাওয়ার সুযোগ তৈরি হবে বার্সেলোনার সামনে। তবে এখন পর্যন্ত দুই ক্লাবের মধ্যে কোনো চুক্তি বা আনুষ্ঠানিক আলোচনা নিশ্চিত হয়নি।

এদিকে মাঠের পারফরম্যান্সেও সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। প্রিমিয়ার লিগে অবনমন অঞ্চলের কাছাকাছি অবস্থান করছে দলটি। এর মধ্যে চেলসির বিপক্ষে সর্বশেষ ম্যাচে মাত্র চার মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় লিসান্দ্রোকে। সেই ম্যাচে হারও এড়াতে পারেনি ইউনাইটেড।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189553